গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চললেও বিশ্ব কার্যত নীরব: পেজেশকিয়ান

গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চললেও বিশ্ব কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো গণহত্যায় যুক্তরাষ্ট্রেরও যোগসাজশ রয়েছে। অথচ মানবাধিকার ও মানবতার পক্ষে সোচ্চার দেশগুলো এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বদলে ইসরায়েলকে অস্ত্র ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে এবং তার কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানাচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন পেজেশকিয়ান। গাজায় হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, যারা নিজেদের মানবাধিকার ও মানবতার রক্ষক বলে দাবি করে, তারাই ফিলিস্তিনিদের ওপর চলমান হত্যাযজ্ঞ উপেক্ষা করছে। তাঁর অভিযোগ, ইসরায়েলকে অস্ত্র ও প্রয়োজনীয় সম্পদ সরবরাহের মাধ্যমে এসব অপরাধে সহযোগিতা করছে তারা।

মানবাধিকার প্রশ্নে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, গাজায় রক্তপাত চললেও তারা নীরব থাকছে, অথচ ইরানের বিষয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেই সরব হয়ে উঠছে। তাঁর ভাষ্য, নিজেদের স্বার্থ ও ঘনিষ্ঠ মহলের বাইরে অন্য মানুষের জীবনের প্রতি তাদের যথাযথ মূল্যবোধ নেই। মানবাধিকারের পক্ষে তাদের বক্তব্যের সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের এই বৈপরীত্যও তুলে ধরেন তিনি।

পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ অঞ্চলে আধিপত্য বিস্তার এবং ভূখণ্ড ও সম্পদ দখলের চেষ্টা চালাচ্ছে। তাঁর দাবি, তারা প্রকাশ্যেই এ অঞ্চলের তেল ও অন্যান্য সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার অভিপ্রায় জানাচ্ছে। বিভিন্ন দেশের সম্পদ দখল ও লুটপাট এবং জনগণকে বশীভূত করার জন্য নানা হাতিয়ার তৈরি করলেও বাইরে থেকে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে নিজেদের কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে তারা।

গাজাসহ বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান প্রশ্ন করেন, যারা নৃশংসতা চালায় এবং এমন অস্ত্র তৈরি করে, যার ব্যবহারে পুরো অঞ্চল রক্তাক্ত হয়ে ওঠে, তারাই কীভাবে জাতিসংঘে দাঁড়িয়ে মানবতা, বিজ্ঞান ও জ্ঞানের কথা বলে? তাঁর বক্তব্য, একদিকে নিরীহ মানুষের প্রাণহানি ঘটানো হচ্ছে, অন্যদিকে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরাই আন্তর্জাতিক অঙ্গনে মানবতার পক্ষে কথা বলছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণ করে তাঁদের স্বজনদের প্রতি সমবেদনা জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আগ্রাসীরা নিজেদের লক্ষ্য অর্জনে নিরীহ মানুষকে নিশানা করছে, অথচ একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে মানবতার কথা বলছে।

এ সময় ইরানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রসঙ্গও তুলে ধরেন পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, ইসলামি প্রজাতন্ত্রকে আত্মসমর্পণে বাধ্য করতে প্রতিপক্ষ নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে যুদ্ধে কিংবা ইরানের সর্বোচ্চ নেতা ও সামরিক কমান্ডারদের নিহত হওয়ার পরও দেশটির জনগণের মনোবল ভেঙে দিতে তারা সফল হয়নি বলে মন্তব্য করেন তিনি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি