ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি ‘অত্যন্ত জঘন্য’ আচরণ করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, সৌদি আরবে হামলা চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে গোষ্ঠীটি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, নির্বাচনে তিনি প্রার্থী না হলেও নির্বাচনের পরও হুতিদের এই আচরণ মনে রাখবেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে গত জুলাইয়ে নতুন করে গৃহযুদ্ধ শুরু হয়। দেশটির সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে হুতি বিদ্রোহীরা। এর কয়েক মাস আগে শুরু হওয়া বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাত বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে।
এরপর থেকে হুতিরা সৌদি আরবের তেল স্থাপনা, তেলবাহী জাহাজ ও পরিবহনকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রাণঘাতী হামলা চালায় তারা।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হুতিদের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘হুতিরা খুব খারাপ আচরণ করছে’ এবং তারা ‘সম্ভবত ইরানের নির্দেশে’ কাজ করছে।
ট্রাম্প আরও অভিযোগ করেন, হুতিরা সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন পদক্ষেপ মোটেও ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, কেউ একজন হুতিদের বুঝিয়ে বলা উচিত, তিনি মধ্যবর্তী নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তবে নির্বাচনের পরও তিনি ক্ষমতায় থাকবেন এবং হুতিদের এই আচরণ কখনো ভুলবেন না।
বিশ্ববাজারে এ বছর তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের পেট্রল পাম্পগুলোতেও জ্বালানির দাম বেড়েছে। এতে মার্কিন পরিবারগুলোর ব্যয় বেড়েছে। জীবনযাত্রার বাড়তি ব্যয় সামাল দেওয়া এখন ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।