স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, প্রথম শ্রেণিতে কত বছর?

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য শ্রেণিভিত্তিক বয়সসীমা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর ও সর্বোচ্চ ৭ বছর হতে পারবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্যও নির্দিষ্ট বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।

নীতিমালার ২ নম্বর ধারা অনুযায়ী, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুসরণে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি নিশ্চিত করতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হতে পারবে। বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।

নতুন নীতিমালায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে ভর্তির জন্য সুনির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় শ্রেণিতে ভর্তির বয়স ৬ থেকে ৮ বছর এবং তৃতীয় শ্রেণিতে ৭ থেকে ৯ বছর হতে হবে। চতুর্থ শ্রেণিতে বয়সসীমা ৮ থেকে ১০ বছর এবং পঞ্চম শ্রেণিতে ৯ থেকে ১১ বছর নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ১০ থেকে ১২ বছর, সপ্তম শ্রেণিতে ১১ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ১২ থেকে ১৪ বছর এবং নবম শ্রেণিতে ১৩ থেকে ১৫ বছর।

নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা যাবে। শিক্ষার পরিবেশ ও গুণগত মান বজায় রাখতে প্রতিটি শ্রেণির একটি নির্দিষ্ট শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে বলে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত