ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকার অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটির বিচার বিভাগ। এ লক্ষ্যে একটি আইনের খসড়া তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন বিচার বিভাগের মুখপাত্র সাইয়েদ আলী কাজেমি।
বুধবার (১৪ অক্টোবর) ইরানের সংবাদ সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে কাজেমি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলোর সময় কিছু ব্যক্তি দেশের জাতীয় প্রতীক, বিশেষ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পবিত্র পতাকার অবমাননা করেছেন। এমন ঘটনা তাঁদের নজরে এসেছে বলে উল্লেখ করেন তিনি। কাজেমি বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধগুলোর সময় দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি, কিছু মানুষ জাতীয় প্রতীকগুলোর অবমাননা করেছেন। বিশেষ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পবিত্র পতাকাকে অবমাননা করা হয়েছে।’
ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এর আগে স্বীকার করেছিল, দেশের প্রচলিত আইনে জাতীয় পতাকার অবমাননার জন্য শাস্তি নির্ধারণ করে এমন কোনো সুস্পষ্ট বিধান নেই। এই আইনি ঘাটতি পূরণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে ২০১৬ সালে এ ধরনের অপরাধের জন্য ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই প্রস্তাবের ভিত্তিতে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সে বিষয়ে বর্তমান বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নতুন আইনের খসড়া তৈরির উদ্যোগ বাস্তবায়িত হলে ইরানের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে শাস্তি দেওয়ার জন্য একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হতে পারে। তবে প্রস্তাবিত আইনে কী ধরনের শাস্তির বিধান রাখা হবে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল