'মোজতবা খামেনির হাতেই যুদ্ধ ও আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত'

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

ইরানের যুদ্ধ ও আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যেকোনো আলোচনার ক্ষেত্রে জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ ও সর্বোচ্চ নেতার অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন ইরানের নির্বাহী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফর গায়েমপানাহ।

বুধবার (১৪ অক্টোবর) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় যুদ্ধ কিংবা আলোচনার মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, এমন ধারণা নাকচ করেন তিনি। তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, দেশের নেতৃত্ব প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক আলোচনা একই সময়ে এগিয়ে নেওয়া সম্ভব। 

গায়েমপানাহ বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্ত হলে সর্বাধিনায়কের নির্দেশেই তা করা হবে। আর সর্বোচ্চ নেতা আলোচনা উপযুক্ত বলে মনে করলে ইরান আলোচনায় বসবে। তিনি বলেন, ‘সিদ্ধান্ত যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হয়, তাহলে সর্বাধিনায়কের নির্দেশে আমরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। আর নেতা যদি আলোচনা উপযুক্ত মনে করেন, তাহলে আমরা আলোচনা করব।’

ইরানের ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে যুদ্ধ ও কূটনীতি, দুই ক্ষেত্রেই দেশটির সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের গুরুত্ব স্পষ্ট হয়েছে। তাঁর অবস্থান অনুযায়ী, সামরিক পদক্ষেপ নেওয়া কিংবা আলোচনার পথে এগোনোর বিষয়টি পরস্পরবিরোধী বিকল্প নয়; বরং পরিস্থিতি বিবেচনায় নেতৃত্ব যে পথ উপযুক্ত মনে করবে, ইরান সেই পথেই এগোবে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত