কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ায় ইরানি ধর্মীয় নেতার সন্তোষ প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা ও মধ্যস্থতার উদ্যোগ ব্যর্থ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আহমদ আলামোলহোদা। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, যুদ্ধ বন্ধে নেওয়া এসব উদ্যোগ অচলাবস্থায় পৌঁছেছে এবং কোনো ফল বয়ে আনতে পারেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানকে কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের জুমার নামাজের ইমাম আলামোলহোদা বলেন, ‘সৌভাগ্যক্রমে, আমাদের শহীদ নেতার হত্যাকারীদের সঙ্গে আলোচনা করার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং কোনো ফল দেয়নি।’ এ সময় তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রসঙ্গ উল্লেখ করেন।

আলামোলহোদার মতে, যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করে ইরানের নিজস্ব অবস্থানে অনড় থাকা উচিত। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় কোনো ফল না আসায় তিনি এসব উদ্যোগের ব্যর্থতাকে ইতিবাচক হিসেবে দেখেছেন।

ইরানের সামরিক কৌশল নিয়েও মন্তব্য করেন এই ধর্মীয় নেতা। তাঁর দাবি, দেশটির সশস্ত্র বাহিনী এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে সরে এসেছে। যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় ইরানের কোনো ছাড় দেওয়া উচিত নয় বলেও তিনি মত দেন। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল