আবারও ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট পিকঅ্যাক্স পর্বতে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রকে ওই স্থাপনাটিতে হামলা চালাতে হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। তাঁর দাবি, ইরানের হাতে এমন অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করত।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থান ও সুরক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, দেশটির পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ বিপুল পরিমাণ পাথর ও মাটির নিচে চাপা পড়ে আছে। এ কারণে পিকঅ্যাক্স পর্বতকে লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনা করছে ওয়াশিংটন বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘তাদের পারমাণবিক স্থাপনাগুলো লাখ লাখ টন পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। এখন আমরা পিকঅ্যাক্স পর্বতের দিকে নজর দিচ্ছি। সেখানে আমাদের যেতে হতে পারে। আমরা ওই স্থাপনাটিতেও হামলা চালাব। দ্রুতই সেটি ধ্বংস করে দেব।’

পিকঅ্যাক্স পর্বত তেহরানের অন্যতম প্রধান পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত একটি সুরক্ষিত স্থাপনা। এটি ভূগর্ভের অনেক গভীরে নির্মিত। স্থাপনাটির অবস্থান ও সুরক্ষাব্যবস্থার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় এটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।

ট্রাম্পের বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে পিকঅ্যাক্স পর্বতে হামলার বিষয়ে তিনি সম্ভাবনার কথা বলেছেন; এমন হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত