হিজাবের কারণে শিক্ষাবঞ্চিত আজারবাইজানি শিক্ষার্থীদের পাশে ইরান

আজারবাইজানে হিজাবসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীদের ইরানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রথম উপপ্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। এ জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরেফ ইরানের বিজ্ঞান মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন। হিজাব পরার কারণে নিজ দেশে শিক্ষার সুযোগ হারানো আজারবাইজানি মেয়েদের ইরানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে মন্ত্রণালয় ইতিবাচক অবস্থান নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে ইরানের স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আরেফ। তার নির্দেশনার লক্ষ্য আজারবাইজানের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইরানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আজারবাইজানের মন্ত্রিসভা স্কুলের পোশাকবিধি লঙ্ঘন করে এবং ধর্মনিরপেক্ষ শিক্ষার নীতির পরিপন্থী, এমন পোশাক নিষিদ্ধ করে একটি প্রস্তাব গ্রহণ করে। চলতি মাসের শুরুতে বাকু নগর শিক্ষা বিভাগ শিক্ষার্থী ও শিক্ষকেরা ওই বিধি মানছেন কি না, তা যাচাইয়ে পরিদর্শনের ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞায় সরাসরি হিজাবের কথা উল্লেখ না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে এর প্রয়োগ হিজাবের ক্ষেত্রেই হচ্ছে বলে দেখা গেছে। এ নিয়ে প্রতিবাদও হয়েছে। কয়েকজন শিক্ষকের অভিযোগ, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের হিজাব খুলে ফেলতে অথবা পদত্যাগ করতে বলা হয়েছে। দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকারের প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা ছড়িয়েছে। সূত্র: প্রেস টিভি