ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ৪০ লাখের বেশি ভোট গণনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিরোধী জোটের আসন বেড়ে দাঁড়িয়েছে ৪৯টিতে। বুধবার (২৮ অক্টোবর) সকালে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রকাশিত হিসাব অনুযায়ী, কোনো পক্ষই এখন পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ইউনাইটেড তোরাহ জুডাইজম, শাস ও ওতজমা ইয়েহুদিত সাতটি করে এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টি ছয়টি আসন পেতে পারে। সব মিলিয়ে নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা দাঁড়াচ্ছে ৫৪টি।
অন্যদিকে, বিরোধী জোটের চারটি দল, ইয়াশার, বি’ইয়াখাদ, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস, সম্মিলিতভাবে ৪৯টি আসন পেতে পারে। গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ২২টি আসন নিয়ে বিরোধী শিবিরের বৃহত্তম দল হতে পারে। নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন বি’ইয়াখাদ ১২টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস আটটি এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু সাতটি আসন পেতে পারে।
এদিকে, আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ হিসাব জানিয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১৩টি এবং রা’আম ছয়টি আসন পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরব দলগুলোর আসনসংখ্যা সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ভোট গণনা চলমান থাকায় আসনসংখ্যার হিসাব পরিবর্তিত হতে পারে। তবে বর্তমান হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবির, কোনোটিরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে নতুন সরকার গঠনে অন্য দলগুলোর সমর্থন আদায় এবং জোটের সমীকরণই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট