ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। কোনো দল বা জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে সরকার গঠনের দায়িত্ব পাবেন, তা নির্ধারণে তার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বর্তমান নির্বাচনী হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট, কারও সামনেই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার স্পষ্ট পথ নেই।
চূড়ান্ত ফল প্রকাশের পর হারজোগ নির্বাচনে জয়ী সব দলের সঙ্গে পরামর্শ করবেন। প্রতিটি দলের কাছে জানতে চাইবেন, তারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এরপর যাঁর পক্ষে পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে অন্তত ৬১ জনের সমর্থন আদায়ের সম্ভাবনা বেশি বলে তিনি মনে করবেন, তাকেই সরকার গঠনের দায়িত্ব দেবেন। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই যে দায়িত্ব দেওয়া হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
নির্বাচনে কোনো দল বা জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেলে সিদ্ধান্ত নেওয়া তুলনামূলক সহজ হয়। কিন্তু ফলাফল অনিশ্চিত থাকলে কিংবা দুই পক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হলে প্রেসিডেন্টের সিদ্ধান্ত সরকার গঠনের আলোচনায় নির্ধারক হয়ে উঠতে পারে।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থী ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। এই সময়ের মধ্যে তাকে অন্য দলগুলোর সঙ্গে মন্ত্রিসভার পদ বণ্টন, বাজেটের অগ্রাধিকার এবং সরকারের নীতিগত অবস্থান নিয়ে সমঝোতায় পৌঁছাতে হবে।
প্রথম প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজনকে একই দায়িত্ব দিতে পারেন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে পার্লামেন্টের হাতে বিকল্প কাউকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য সীমিত সময় থাকবে। সেই উদ্যোগও সফল না হলে দেশটিতে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে।
বর্তমান পরিস্থিতিতে হারজোগ দুই বৃহত্তম রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগও নিতে পারেন। নির্বাচনের দুই সপ্তাহ আগে তিনি বলেছিলেন, আরেকটি নির্বাচন এড়াতে এবং স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে শেষ পর্যন্ত কোন প্রার্থী সরকার গঠনের দায়িত্ব পাবেন, তা নির্ভর করবে চূড়ান্ত ফল এবং বিভিন্ন দলের সঙ্গে তার পরামর্শের ওপর। সূত্র: সিএনএন
নেতানিয়াহুকে ঠেকাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান বিরোধীদের
ইসরায়েলের নির্বাচনে ১৯টি আসন পেতে যাচ্ছে আরব দলগুলো
নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান আইজেনকোটের