ইরান নিয়ে গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার মার্কিন জেনারেলের

ইরান ও ইউক্রেনসংক্রান্ত গোপন সামরিক তথ্য সাংবাদিকদের কাছে ফাস করার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া। প্রায় এক বছর ধরে দুই সাংবাদিকের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে চলতি সপ্তাহে তাকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অ্যাক্সিওসের এক প্রতিবেদনে অভ্যন্তরীণ তদন্তের নথির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, চারবার পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ভিডিওতে নিজের অসদাচরণের কথা স্বীকার করেন সিলভিয়া। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সংবাদমাধ্যমে অনুমোদনহীনভাবে গোপন তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার দ্য আটলান্টিক ও দ্য হিলের প্রতিবেদনে জানানো হয়, জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক পদ থেকে সিলভিয়াকে সরিয়ে দিয়েছেন হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ এই পদটি জে-৫ নামে পরিচিত। এ দায়িত্বে থাকা কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে সামরিক কৌশল ও পরিকল্পনা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তবে বরখাস্তের সময় এর কারণ জানানো হয়নি।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনের দিকে সিলভিয়ার তথ্য ফাসের ঘটনা শুরু হয়। পরে তিনি সিগন্যাল অ্যাপের মাধ্যমে এবং ভার্জিনিয়ার আর্লিংটনের একটি খাবারের দোকানে সরাসরি এক সাংবাদিকের সঙ্গে বৈঠক করেও তথ্য সরবরাহ করেন। তদন্ত অনুযায়ী, ওই বৈঠকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা সম্পর্কে তথ্য দিতে একটি গোপন প্রতিবেদন পর্যালোচনার সময় তৈরি করা নিজের নোট ব্যবহার করেছিলেন সিলভিয়া।

অন্য এক সাংবাদিকের সঙ্গে তার যোগাযোগও তদন্তের আওতায় আসে। তদন্তকারীদের সিলভিয়া জানান, সিগন্যাল অ্যাপে পাওয়া একটি বার্তার সঙ্গে ইরানের কোনো বিষয় জড়িত বলে তার মনে হয়েছিল। পরে তিনি ওই বার্তা এবং পুরো কথোপকথন মুছে ফেলেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের ধারণা, তিনি ইচ্ছাকৃতভাবেই এসব বার্তা মুছে ফেলেছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, বিমানবাহিনীর বিশেষ তদন্ত দপ্তরের দীর্ঘ তদন্তের পর সিলভিয়াকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য বিচার বিভাগের কাছেও পাঠানো হয়েছে।

এদিকে সিলভিয়ার ৩২ বছরের সামরিক সেবার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমে একটি বিবৃতি দিয়েছিল জয়েন্ট স্টাফ। পরে সেটি প্রত্যাহার করে সংস্থাটি জানায়, বিবৃতিটি বরখাস্তের পেছনের পূর্ণ পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরতে পারেনি।

এর আগে চলতি বছরের শুরুতে গোপন তথ্য ফাসের অভিযোগ তদন্তের অংশ হিসেবে পেন্টাগন কয়েক ডজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পলিগ্রাফ পরীক্ষা নেয়। ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুতসংক্রান্ত তথ্য ফাসের অভিযোগও ওই তদন্তের আওতায় ছিল। সিবিএস নিউজ জানিয়েছে, দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এসব পলিগ্রাফ পরীক্ষার খবর প্রকাশ করে।

তবে পেন্টাগনের আরও দুই কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, পলিগ্রাফ পরীক্ষার সঙ্গে সিলভিয়ার বরখাস্তের সম্পর্ক ছিল। কিন্তু গোপন তথ্য ফাসের অভিযোগ নিয়ে তারা আপত্তি জানিয়েছেন।

এদিকে ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলা শুরুর সম্ভাবনা সামনে রেখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন পরিকল্পনা তৈরি করছে। এমন সময় সিলভিয়ার বরখাস্তের ঘটনা ঘটল। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল