ইরানের মাশহাদে পাহলভি আমলের নকশার স্বর্ণালংকার বিক্রিতে নিষেধাজ্ঞা

ইরানের সাবেক রাজপরিবার পাহলভি বংশের শাসনামলের নকশা এবং ঐতিহাসিক সিংহ-সূর্য প্রতীকযুক্ত স্বর্ণপণ্য বিক্রি ও প্রদর্শন নিষিদ্ধ করেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের স্বর্ণ, গয়না, রুপা ও মুদ্রা ব্যবসায়ীদের ইউনিয়ন। নিষেধাজ্ঞা অমান্য করে এসব পণ্য বিক্রি বা দোকানে প্রদর্শন করলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংগঠনটি।

ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ক্ষমতায় থাকা পাহলভি রাজবংশের সঙ্গে সম্পর্কিত নকশা কিংবা সিংহ-সূর্য প্রতীক রয়েছে, এমন স্বর্ণপণ্য বিক্রি ও দোকানে প্রদর্শন না করতে বলা হয়েছে।

ইরানের ইতিহাসে সিংহ-সূর্য প্রতীকটির ব্যবহার দীর্ঘদিনের। পাহলভি শাসনামলে এটি দেশটির জাতীয় পতাকার অংশ ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর নতুন শাসনব্যবস্থায় জাতীয় পতাকা থেকে প্রতীকটি বাদ দেওয়া হয়। বর্তমানে ইরানের রাজতন্ত্রপন্থী ও পাহলভি রাজপরিবারের সমর্থকদের কাছে এটি পরিচিত একটি রাজনৈতিক ও ঐতিহাসিক প্রতীক।

তবে মাশহাদের ব্যবসায়ী ইউনিয়ন কী কারণে এ নিষেধাজ্ঞা জারি করেছে, বিজ্ঞপ্তিতে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। নির্দেশ অমান্য করলে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা-ও স্পষ্ট করা হয়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল