ইরানের হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাবিক নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

সাম্প্রতিক কয়েক মাসে ইরানের হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাবিক নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান পরিকল্পিতভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকা এবং বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে সমুদ্রে চলাচলকারী বেসামরিক নাবিকরাও এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, প্রতিবেশী দেশগুলোতে তেহরান কোনো বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালায়নি। তাঁর এই বক্তব্য প্রত্যাখ্যান করে সেন্টকম জানায়, ইরানের সামরিক তৎপরতায় বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

মার্কিন সামরিক বাহিনী ইরানের এসব কর্মকাণ্ডকে ‘বাছবিচারহীন আগ্রাসন’ (Indiscriminate Aggression) বলে আখ্যায়িত করেছে।

তবে নিহত নাবিকদের পরিচয়, কোন কোন জাহাজে হামলা হয়েছে এবং নির্দিষ্ট ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ বিবৃতিতে উল্লেখ করা হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের বিষয়ে ইরানের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

সূত্র: ইউএস সেন্ট্রাল কমান্ড

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত