যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার অবসান ও সমঝোতার ভবিষ্যৎ পুরোপুরি ওয়াশিংটনের রাজনৈতিক জ্ঞানের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, তেহরান সংঘাতের অবসানে নিজেদের শর্ত থেকে সরে আসবে না। তবে যুক্তরাষ্ট্র আন্তরিক কূটনীতির পথে এগোলে আলোচনায় বসতে প্রস্তুত ইরান।
সোমবার (২ নভেম্বর) তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে দেওয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে আরাঘচি এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নতুন কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা রেখেছে দেশটি।
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়েও ইরানের অবস্থান স্পষ্ট করেছেন আরাঘচি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই কেবল এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের স্থায়ী অবসান এবং দেশটির ওপর থেকে অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার।
আরাঘচি বলেন, ইরান ইতোমধ্যে নিজেদের শর্ত ও প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছে। এখন সবকিছু নির্ভর করছে ওয়াশিংটনের রাজনৈতিক জ্ঞানর ওপর। যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে কূটনৈতিক সমাধান চাইলে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু আলোচনার নামে প্রতারণা করে সামরিক অভিযান চালানোর চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্রকে আগের চেয়েও কঠোর ও তীব্র জবাবের মুখে পড়তে হবে বলে সতর্ক করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুদ্ধের অবসানে আঞ্চলিক মধ্যস্থতার উদ্যোগের অংশ হিসেবে কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে তেহরানের নিবিড় আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক বা আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে ইরানের শর্ত মেনে নিতে হবে বলে আবারও জানিয়ে দিয়েছেন তিনি।
আরাঘচির ভাষ্য, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরানের অবস্থান পরিষ্কার। যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে নিলে প্রণালিটি খুলে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হবে। অন্যথায় বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে, কোনো চাপের মুখেই ইরান নতি স্বীকার করবে না।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কয়েক দিন পর মার্চের শুরু থেকে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে তেহরান। সেই অবস্থান থেকে সরে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়াকেই পূর্বশর্ত হিসেবে তুলে ধরছেন আরাঘচি। সূত্র: প্রেস টিভি