ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে বিপর্যস্ত গাজায় ধ্বংসস্তূপ ও অনিশ্চয়তার মধ্যেও নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে এক গণবিয়ের অনুষ্ঠানে একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ ফিলিস্তিনি জুটি।
আমিরাত-সমর্থিত মানবিক সহায়তা কর্মসূচি ‘অপারেশন চিভ্যালরাস নাইট’-এর উদ্যোগে এ গণবিয়ের আয়োজন করা হয়। যুদ্ধের কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়া গাজাবাসীর মধ্যে আনন্দ ও আশার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল আয়োজনটির অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে নবদম্পতিরা একসঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন। যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের মধ্যেও তাঁদের এই আয়োজন নতুন করে জীবন শুরু করার প্রত্যয় তুলে ধরে।
গাজায় দীর্ঘদিনের সংঘাতের কারণে বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছে। অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতায় অনেক তরুণ-তরুণীর বিয়ের পরিকল্পনাও পিছিয়ে গেছে। এমন পরিস্থিতিতে গণবিয়ের এই আয়োজন নবদম্পতি ও তাঁদের পরিবারের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
যুদ্ধের ভয়াবহতার বিপরীতে এই আয়োজনের মধ্য দিয়ে উঠে এসেছে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষা—ধ্বংসের মধ্যেও ভালোবাসা, পরিবার ও ভবিষ্যতের স্বপ্ন বাঁচিয়ে রাখার চেষ্টা।