কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বিয়ের ধর্মীয় বৈধতা নিয়ে প্রশ্ন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও প্রখ্যাত সাংবাদিক নিধি রাজদানের বিয়ে নিয়ে ভারতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। গত ৩০ অক্টোবর পরিবার ও ঘনিষ্টজনদের উপস্থিতিতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের মাত্র দুই দিনের মাথায় এই সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন বেরেলভি। তাঁর দাবি, ইসলামী শরিয়ত অনুযায়ী এই বিয়ে কোনোভাবেই বৈধ নয়।

মুফতি শাহাবুদ্দিনের মতে, বিয়ের অন্যতম প্রধান শর্ত হলো বর ও কনে উভয়কেই মুসলিম হতে হবে। যেহেতু নিধি রাজদান মুসলিম নন, তাই ইসলাম গ্রহণ না করা পর্যন্ত এই বিয়ে শরিয়তসম্মত নয়।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী কোনো ইসলামী রীতি বা ‘নিকাহ’র মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়নি। বরং দিল্লির বিশেষ বিবাহ আদালতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ বা বিশেষ বিবাহ আইনের অধীনে তাঁরা আইনিভাবে বিবাহিত হয়েছেন।

ভারতের ১৯৫৪ সালের এই বিশেষ বিবাহ আইন অনুযায়ী, ধর্ম বা জাতির ভেদাভেদ ছাড়াই যেকোনো পূর্ণবয়স্ক নাগরিক একে অপরকে বিয়ে করতে পারেন। এই আইনের আওতায় বিয়ের জন্য ধর্মান্তরিত হওয়ার কোনো বাধ্যবাধকতা থাকে না।

এদিকে পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চলছে নানা আলোচনা। তবে ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) সাফ জানিয়ে দিয়েছে যে, এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত জীবন এবং এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

এইচএন
আরও পড়ুন