যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে ইরানসহ মধ্যপ্রাচ্যের পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-কে এ বিষয়ে আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন তিনি।
বুধবার তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পেজেশকিয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
পেজেশকিয়ান বলেন, জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংলাপের জন্য এ সম্মেলন গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এতে ১৯৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তাঁদের মধ্যে ৭১টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রয়েছেন বলে জানান তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ ও আগ্রাসনের কারণে পরিবেশের যে বিপর্যয় ঘটছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডে ইরান এবং এ অঞ্চলে যে ক্ষতি হয়েছে, তা সম্মেলনে তুলে ধরবেন তিনি।
এ ছাড়া ১০টিরও বেশি দেশের নেতা ও কর্মকর্তার সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন করা হয়েছে। এসব বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
পেজেশকিয়ান বলেন, তেহরান ও আঙ্কারার সম্পর্ক অত্যন্ত ভালো। আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের স্বার্থের মিল রয়েছে। পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো গেলে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠকেও ইরানের অবস্থান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবেন বলে জানান পেজেশকিয়ান।
তিনি দাবি করেন, যুদ্ধ ও আগ্রাসনের পক্ষে অবস্থান নেওয়া শক্তিগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের নির্বাচনে রাজনৈতিক পরিণতির মুখে পড়েছে। তাঁর ভাষ্য, এসব নির্বাচনের ফলাফল যুদ্ধ ও আগ্রাসনের পক্ষের অবস্থানের বিপরীতে গেছে।
ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, তুরস্ক সফরের মাধ্যমে আন্তর্জাতিক নেতাদের কাছে ইরানি জনগণের বার্তা কার্যকরভাবে তুলে ধরতে পারবেন এবং সফর থেকে ইতিবাচক ফল পাওয়া যাবে।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনকে ঘিরে ইরান জলবায়ু পরিবর্তনের পাশাপাশি যুদ্ধের পরিবেশগত প্রভাব, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান বিরোধের বিষয়গুলোও আন্তর্জাতিক আলোচনায় আনতে চাইছে।