ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি ইরানের

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে ঘিরে হুমকির ভৌগোলিক সীমা মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ পর্যন্ত বিস্তৃত করার আহ্বান জানিয়েছে ইরানের কট্টরপন্থি সংবাদপত্র কায়হান। বুধবার প্রকাশিত এক সম্পাদকীয়তে জার্মানি, যুক্তরাজ্য, আলবেনিয়া, গ্রিস ও সাইপ্রাসে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর নাম উল্লেখ করে এ আহ্বান জানানো হয়।

ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধির তত্ত্বাবধানে প্রকাশিত সংবাদপত্রটি বলেছে, হুমকির ভৌগোলিক সীমা তুলে দিয়ে শত্রুপক্ষকে কয়েক হাজার কিলোমিটার দূরের মার্কিন ঘাঁটিগুলোতেও নতুন ক্ষেপণাস্ত্রের গর্জন শোনানো উচিত।

কায়হানের বক্তব্যে বলা হয়, এসব দেশ এত দিন নিজেদের ভূখণ্ডে থাকা সামরিক ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন করতে দেখেছে, অথচ ইরান সংযম দেখিয়েছে। প্রতিবেশী কয়েকটি দেশের কথাও সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয়তে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও দাবি করা হয়েছে। কায়হানের ভাষ্য, ইরানজুড়ে আইআরজিসির ক্ষেপণাস্ত্র নগরী ও গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, যা দেশটির জন্য এক ধরনের অজানা ও দুর্ভেদ্য প্রতিরক্ষা দুর্গ তৈরি করেছে।

পত্রিকাটি আরও দাবি করেছে, কৌশলগত পাহাড়ি এলাকায় কয়েক শ মিটার গভীরে এসব ঘাঁটি নির্মাণ করা হয়েছে। দেশের অধিকাংশ প্রদেশে বিস্তৃত এসব স্থাপনা ইরানের প্রতিরোধক্ষমতা নিশ্চিত করছে বলেও সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

তবে ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার আহ্বানটি কায়হান পত্রিকার সম্পাদকীয় অবস্থান। এটি ইরান সরকারের আনুষ্ঠানিক সামরিক সিদ্ধান্ত বা আইআরজিসির সরাসরি হামলার ঘোষণা—এমন কোনো তথ্য প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। একইভাবে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিস্তৃতি ও সক্ষমতা সম্পর্কেও স্বাধীনভাবে যাচাই করা তথ্য দেওয়া হয়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত