যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন চূড়ান্ত জবাব দেওয়ার আগেই যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার অনুরোধ জানিয়েছিল বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের এক উপদেষ্টা।

বুধবার টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় গালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মাদি বলেন, ইরান স্পষ্ট করে জানিয়েছে—তাদের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা শুরু হবে না।

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ প্রতারণামূলক’ আখ্যা দিয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অনুমতি দিয়েছেন। তবে তাঁকে কোনো ছাড় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি।

মোহাম্মাদি দাবি করেন, যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে সামরিক হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। তাঁর ভাষায়, ‘আমেরিকানরা একটি সীমিত হামলার জন্য সবকিছু প্রস্তুত করেছে।’

তিনি সতর্ক করে বলেন, পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা হলে তা আরও বড় যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।

তবে তাঁর ধারণা, ওয়াশিংটন সরাসরি বড় ধরনের সামরিক অভিযানের পরিবর্তে অবরোধ অব্যাহত রাখা, ইরানের সরকারের ওপর জনগণের আস্থা দুর্বল করা এবং সীমিত সামরিক ও গোয়েন্দা অভিযান চালানোর পথও বেছে নিতে পারে।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দেওয়া হিসাবের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেন, দেশটির অস্ত্রের মজুত কৌশলগত উৎপাদন এবং উন্নত প্রযুক্তির ওপর নির্ভরশীল। ফলে ইরানের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রকাশিত পরিসংখ্যানের চেয়েও বেশি।

তিনি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় শক্তিশালী হয়েছে এবং চলমান যুদ্ধের পরিণতি স্পষ্ট।

তালায়ি-নিকের ভাষায়, ‘হয় ইরানের বৈধ দাবিগুলো মেনে নেওয়া হবে, নয়তো যুদ্ধক্ষেত্রে শত্রুকে আত্মসমর্পণ করতে হবে।’