ঋণ শোধে কিডনি-লিভার বিক্রি করছেন ইরানের শ্রমিকরা, তেহরানে ‘কিডনি স্ট্রিট’

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

ঋণের বোঝা ও জীবনযাত্রার ব্যয় মেটাতে নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন ইরানের শ্রমজীবী মানুষ। কিডনি, লিভারের টিস্যু, অস্থিমজ্জা এমনকি শরীরের অন্যান্য অঙ্গ বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন তাঁরা। তেহরানের একটি সড়ক এখন পরিচিত হয়ে উঠেছে ‘কিডনি স্ট্রিট’ নামে।

ইরানের শ্রমবিষয়ক সংবাদ সংস্থা আইএলএনএ (ILNA) ১১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ঋণ পরিশোধ, পরিবারের ভরণপোষণ এবং মাথার ওপরের ছাদটুকু ধরে রাখতে অনেক শ্রমিক নিজেদের অঙ্গ বিক্রির সিদ্ধান্ত নিচ্ছেন।

তেহরানের কেন্দ্রীয় এলাকার কয়েকটি সড়কের দেয়াল, লোহার দরজা ও ভবনের গায়ে অঙ্গ বিক্রির বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এসব বিজ্ঞাপনের মধ্যে কিডনি বিক্রির পাশাপাশি লিভারের টিস্যু, অস্থিমজ্জা ও অন্যান্য অঙ্গ বিক্রির প্রস্তাবও রয়েছে।

আইএলএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ফারহাং হোসেইনি স্ট্রিট এখন ‘কিডনি স্ট্রিট’ নামে পরিচিতি পেয়েছে। পৌরসভার একটি চিকিৎসাকেন্দ্র এবং কিডনি রোগীদের সহায়তাকারী একটি দাতব্য প্রতিষ্ঠানের কাছাকাছি হওয়ায় ক্রেতার সন্ধানে থাকা মানুষের আনাগোনা এখানে বেশি।

আইএলএনএকে সদরা হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, কিডনি বিক্রির বিজ্ঞাপনদাতাদের অধিকাংশই শ্রমিক এবং চরম আর্থিক সংকটে থাকা মানুষ।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণত একটি কিডনির দাম চাওয়া হচ্ছে ৩০ থেকে ৪০ বিলিয়ন রিয়াল, যা প্রায় ১১ হাজার ৫০০ থেকে ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের সমান।

তবে রক্তের গ্রুপভেদে দামের পার্থক্য রয়েছে। ও-পজিটিভ রক্তের গ্রুপের কিডনি প্রায় ৮ বিলিয়ন রিয়াল বা ৩ হাজার ১০০ ডলারে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে। তুলনামূলক বিরল রক্তের গ্রুপের ক্ষেত্রে দাম ৫০ বিলিয়ন রিয়াল বা প্রায় ১৯ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠছে বলে ওই কর্মী জানিয়েছেন।

তেহরানের ৩০ বছর বয়সী এক মোটরসাইকেল চালক জানান, কিডনির বিনিময়ে তাঁকে ১৫ বিলিয়ন রিয়াল দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর সঙ্গে বিমা থেকে আরও ২ বিলিয়ন রিয়াল পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই অর্থ দিয়ে তাঁর ঋণ পরিশোধ সম্ভব নয় বলে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

এখন তিনি কিডনির জন্য কমপক্ষে ৩৫ বিলিয়ন রিয়াল বা প্রায় ১৩ হাজার ৪০০ ডলার চাইছেন।

প্রায় ৫৮ বছর বয়সী আরেক স্বনিয়োজিত শ্রমিক জানান, একটি বকেয়া চেকের দায় মেটাতে তাঁর ৭ থেকে ৮ বিলিয়ন রিয়াল প্রয়োজন। এজন্য প্রচলিত দামের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম দামে অঙ্গ বিক্রি করতেও তিনি প্রস্তুত।

পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করতে কেউ কেউ একসঙ্গে একাধিক অঙ্গ বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন।

৩৩ বছর বয়সী এক নির্মাণশ্রমিক আইএলএনএকে জানান, তিনি নিজের অস্থিমজ্জার দাম ৪০ বিলিয়ন রিয়াল নির্ধারণ করেছেন। পাশাপাশি কিডনি ও লিভারের টিস্যু বিক্রির বিজ্ঞাপনও দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আমার লিভার ও কিডনিও বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছি। আমার সব ধরনের চিকিৎসা পরীক্ষার ফলাফল ও স্বাস্থ্যসংক্রান্ত কাগজপত্র রয়েছে। আমি সম্পূর্ণ সুস্থ।’

আরেক শ্রমিক নিজের কিডনি, লিভারের টিস্যু এবং অণ্ডকোষ বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। আর্থিক সংকট তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানান তিনি।

আইএলএনএর প্রতিবেদক তাঁকে জানান, ইরানে অণ্ডকোষ প্রতিস্থাপনের প্রচলিত চিকিৎসাব্যবস্থা নেই। বিষয়টি আগে জানা ছিল না বলে স্বীকার করেন ওই ব্যক্তি। তিনি জানান, যে অঙ্গটির জন্য আগে ক্রেতা পাওয়া যাবে এবং যে অঙ্গের দাম বেশি পাওয়া যাবে, সেটিই বিক্রি করতে রাজি আছেন।

ইরানের শ্রমিকদের আয়ের সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে। আইএলএনএর তথ্য অনুযায়ী, দেশটিতে সুযোগ-সুবিধাসহ একজন ন্যূনতম মজুরির শ্রমিক মাসে সাধারণত ২০০ থেকে ৩০০ মিলিয়ন রিয়াল আয় করেন। কিন্তু স্বাধীন শ্রমিক অধিকারকর্মীদের হিসাব অনুযায়ী, একটি পরিবারের মৌলিক জীবনযাত্রার ব্যয় মেটাতে মাসে প্রায় এক বিলিয়ন রিয়াল প্রয়োজন।

অর্থাৎ একজন ন্যূনতম মজুরির শ্রমিকের মাসিক আয়ের তুলনায় একটি পরিবারের প্রয়োজনীয় ব্যয় কয়েক গুণ বেশি।

অস্থায়ী ও মৌসুমি চুক্তিতে কাজ করা শ্রমিকদের অবস্থা আরও কঠিন। তাঁদের কাজের নিশ্চয়তা নেই, আয়ও অনেক ক্ষেত্রে ন্যূনতম মজুরির নিচে।

এদিকে দেশটির সংসদীয় সামাজিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আলী বাবাই কারনামি গত ৮ নভেম্বর জানিয়েছেন, সরকারের অগ্রাধিকারমূলক মুদ্রা ভর্তুকি ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে প্রায় ৮০ লাখ মানুষ চরম দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয়েছেন।

ইরানে জীবনযাত্রার ব্যয় মেটাতে অঙ্গ বিক্রির ঘটনা অবশ্য নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা বারবার সংবাদমাধ্যমে উঠে এসেছে।

২০২৪ সালের মার্চে তেজারাত নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আর্থিক সংকট মোকাবিলায় দেশটির তরুণ, এমনকি কিশোর বয়সীরাও কিডনি ও অস্থিমজ্জা বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে।

আর্থিক সংকটের কারণে চিকিৎসা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটছে। গত ২৬ অক্টোবর হোমা অবসরপ্রাপ্ত কর্মচারী সমিতির চেয়ারম্যান জালাল হাশেমি জানান, চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে চিকিৎসা বন্ধ করে দেওয়ার পর দুজন অবসরপ্রাপ্ত ব্যক্তি মারা গেছেন।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে কেরমানশাহ কিডনি রোগী সহায়তা সমিতির প্রধান হোসেইন বিগলারি জানিয়েছিলেন, বেশি ডলারের বিনিময়ে কিডনি বিক্রি করতে কিছু ইরানি নাগরিক ইরাকে যাচ্ছেন।

নির্মাণশ্রমিক ও মোটরসাইকেল চালকদের মতো পেশার মানুষের কাছে শারীরিক সক্ষমতাই উপার্জনের প্রধান অবলম্বন। তাঁদের কাজের জন্য সুস্থ শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু ঋণ পরিশোধ কিংবা সংসারের খরচ মেটাতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করলে সাময়িকভাবে অর্থের সংস্থান হলেও দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আইএলএনএর প্রতিবেদনে এ বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনৈতিক সংকটে পড়ে মানুষ যখন নিজের শরীরকেই ঋণ পরিশোধের উপায় হিসেবে বিবেচনা করতে বাধ্য হয়, তখন সেটি কেবল ব্যক্তিগত দারিদ্র্যের চিত্র থাকে না; বরং সমাজের আয়বৈষম্য, শ্রমিকের নিরাপত্তাহীনতা এবং সামাজিক সুরক্ষাব্যবস্থার দুর্বলতারও প্রতিফলন হয়ে ওঠে।

ইরানের ‘কিডনি স্ট্রিট’-এর বিজ্ঞাপনগুলো তাই শুধু অঙ্গ বিক্রির বাজারের চিত্র নয়, বরং জীবনধারণের সংগ্রামে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি।

সূত্র: ইরানের শ্রমবিষয়ক সংবাদ সংস্থা আইএলএনএ (ILNA)।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত