‘ইরানের আকাশসীমায় হামলা চালালে ভয়াবহ পরিণতির মুখে পড়বে শত্রুরা’

ইরানের সার্বভৌমত্বে আবারও হামলা হলে আগের চেয়ে আরও কঠোর ও নির্ণায়ক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেছেন, ভবিষ্যতে যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী এখন আগের চেয়ে বেশি প্রস্তুত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর হাতে ভূপাতিত শত্রুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শন করেন আমির হাতামি। এ সময় বাহিনীর সদস্যদের দিনরাতের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। তাঁর দাবি, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে।

হাতামি বলেন, উন্নত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষ ইরানকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনীর ঐক্য, ধারাবাহিক প্রচেষ্টা ও সদস্যদের নিষ্ঠার কারণে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রদর্শনীতে রাখা ভূপাতিত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের প্রসঙ্গ টেনে সেনাপ্রধান বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যেসব শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত, প্রতিহত কিংবা ধ্বংস করা হয়েছে, প্রদর্শনীতে তার কেবল একটি অংশ তুলে ধরা হয়েছে। আকাশ প্রতিরক্ষা বাহিনীর অর্জন এর চেয়েও বিস্তৃত বলে উল্লেখ করেন তিনি।

আমির হাতামির মতে, এই প্রদর্শনী প্রমাণ করে, যেকোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের সেনা সদস্যরা প্রস্তুত রয়েছেন। তাঁরা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিরক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত।

আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিষ্ঠা, আত্মত্যাগ ও দায়িত্ব পালনের প্রশংসা করে প্রতিপক্ষকে আবারও সতর্ক করেন ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, ভবিষ্যতে কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাকে আগের চেয়ে আরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।