যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাব আগের তুলনায় ১০ গুণ বেশি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে ভবিষ্যতে হামলা হলে তা আগের হামলার চেয়ে পাঁচ গুণ শক্তিশালী হবে বলে হুমকি দেয়ার পর পাল্টা এই সতর্কবার্তা দেয়া হলো।
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেন, ট্রাম্পের হুমকি সত্যি হলে ইরানের জবাব হবে ১০ গুণ বেশি ভয়াবহ।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সাম্প্রতিক যুদ্ধ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনকালে শেখারচি বলেন, ইরানের পাল্টা আঘাত বিশ্বকে চমকে দেবে। শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক অবকাঠামোসহ দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ হামলার লক্ষ্যবস্তু হবে। যুক্তরাষ্ট্রের যেসব সম্পদ ইরানের নাগালের মধ্যে থাকবে, সেগুলোতেই আঘাত হানা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিকে ইরানিরা ভয় পায় না। ২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের তুলনায় ইরানের সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনো বন্ধ হয়নি। আগের দুই যুদ্ধে চিহ্নিত দুর্বলতাগুলোও কাটিয়ে ওঠা হয়েছে।
ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, গত ৪৭ বছরে ইরান প্রমাণ করেছে, দেশটি কখনো আগ্রাসী শক্তি হিসেবে কাজ করেনি। তবে কোনো আগ্রাসনের মুখে পড়লে শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং শক্তিশালী আক্রমণকারী হিসেবে জবাব দেবে।
এদিকে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার মতো রাজনৈতিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর নেই বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
বুধবার (১১ নভেম্বর) লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর পক্ষে নতুন করে যুদ্ধ শুরু করার মতো আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন নেই। একইভাবে নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় সমর্থন তারা হারিয়েছেন।
সূত্র: আল জাজিরা
‘শর্ত পূরণই মূল লক্ষ্য, সময় কোনো ব্যাপার নয়’
অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী
যুদ্ধে ইরানের পরিবেশ বিপর্যস্ত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ