ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। তবে ইসরায়েলের সেনাপ্রধান এখনো তাৎক্ষণিক হামলার বিরোধিতা করছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। ইরান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে তিনটি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের বৈঠকের পর গোফম্যান মায়ামিতে গিয়ে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও আলোচনা করবেন। তবে এ বিষয়ে মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই প্রেক্ষাপটেই মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তবে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার সম্ভাবনা কম। তাঁর পছন্দ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বন্দর অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ অব্যাহত রাখা। যদিও প্রয়োজন মনে করলে সামরিক শক্তি ব্যবহারের বিকল্প খোলা রেখেছেন তিনি।
আইজেনকটকে জানানো হয়নি সফরের কথা
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে বিরোধী রাজনৈতিক নেতা গাদি আইজেনকটকে মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফরের কথা জানানো হয়নি।
চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ওই ব্রিফিংয়ে আইজেনকটকে ইরানে অবিলম্বে হামলার প্রয়োজনীয়তা সম্পর্কে রাজি করাতে পারেননি। আইজেনকট শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইসরায়েলের নিরাপত্তাকে রাজনৈতিক ফায়দা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার ঠেকাতে সরকারের ওপর কঠোর নজরদারি প্রয়োজন।