প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে নতুন অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

ডিজিটাল ব্যাংক উয়েনোর পতনের ঘটনায় প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার বিরুদ্ধে অপরাধমূলক যোগসাজশের নতুন অভিযোগ এনেছে দেশটির প্রসিকিউটর কার্যালয়। এক সপ্তাহ আগে কংগ্রেস তাঁকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর শুক্রবার এ অভিযোগ আনা হয়।

প্রসিকিউটর কার্যালয় জানায়, পেনার বিরুদ্ধে আগে থেকেই বিশ্বাসভঙ্গ ও স্বার্থসংশ্লিষ্ট অনিয়মের অভিযোগ রয়েছে। নতুন অভিযোগ যুক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলার পরিধি আরও বাড়ল। বর্তমানে তাঁকে একটি সামরিক স্থাপনায় বিচার-পূর্ব আটক অবস্থায় রাখা হয়েছে।

৪৭ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, নিজের ক্ষমতা ব্যবহার করে তিনি সরকারের কোটি কোটি ডলারের তহবিল উয়েনো ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। ব্যাংকটির ঋণ দেওয়ার ঝুঁকিপূর্ণ পদ্ধতি নিয়ে সতর্কবার্তা থাকা সত্ত্বেও তিনি এর আর্থিক সংকট গোপন বা গুরুত্বহীন হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। একই সময়ে ব্যাংকটির সঙ্গে তাঁর আর্থিক সম্পর্কও ছিল বলে অভিযোগ রয়েছে। তবে পেনা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৩ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া পেনা গত বছর পর্যন্ত ব্যাংকটির হোল্ডিং কোম্পানির অংশীদার ছিলেন।

বৃহস্পতিবার রাজধানী আসুনসিওনে পেনার সরকারি বাসভবনে অভিযান চালান তদন্তকারীরা। প্রসিকিউটর কার্যালয় জানায়, অর্থনৈতিক অপরাধবিষয়ক ইউনিটের কর্মকর্তারা সেখানে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্তের জন্য প্রয়োজনীয় নথি যাচাই করেন।

গত সপ্তাহে পেনা প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের চেষ্টা করেছিলেন। তবে কংগ্রেস তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে অভিশংসনের মাধ্যমে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। ক্ষমতাচ্যুত হওয়ার কিছুক্ষণ পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

উয়েনো ব্যাংক ধসে গ্রাহকেরা নিজেদের ব্যাংক হিসাব থেকে অর্থ তুলতে ও ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ ব্যাংকটির পতনের জন্য দায়ীদের জবাবদিহি এবং তাঁদের জমা অর্থ ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন করেন।

ব্যাংক থেকে নিখোঁজ অর্থের সন্ধানে তদন্ত চালাচ্ছেন প্রসিকিউটররা। শুক্রবার তাঁরা জানান, বিদেশে কিছু সম্পদের সন্ধান পাওয়া গেছে। তবে কোন কোন দেশে এসব সম্পদ রয়েছে, তা প্রকাশ করা হয়নি। এর আগে নিখোঁজ অর্থের অবস্থান শনাক্ত করতে যুক্তরাষ্ট্র, লুক্সেমবার্গ ও আর্জেন্টিনার সহায়তা চেয়েছিলেন তদন্তকারীরা।

প্রসিকিউটর ফ্রান্সিসকো কাব্রেরা সাংবাদিকদের বলেন, শনাক্ত করা সম্পদ জব্দ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে, উয়েনো ব্যাংকের সমস্যার বিষয়ে গত বছরের শেষ দিক থেকেই জানতেন—এমন অভিযোগে শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

পেনার শাসনামলে দ্রুত বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল উয়েনো। একটি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ব্যাংকটি সরকারি পেনশন তহবিল এবং কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের হিসাব পরিচালনাকারী প্রতিষ্ঠানে রূপ নেয়। ব্যাংকটিতে ৮০০ মিলিয়ন ডলারের বেশি সরকারি অর্থ জমা ছিল।

এদিকে, ঋণমান নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা ফিচ প্যারাগুয়ের সার্বভৌম ঋণমান পর্যালোচনার জন্য পর্যবেক্ষণে রেখেছে। ঋণমান কমিয়ে দেওয়া হলে সরকারের জন্য আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নেওয়ার খরচ বেড়ে যেতে পারে।

বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, উয়েনো ব্যাংকে অর্থ জমা রাখা ১৮ লাখের বেশি মানুষের সঞ্চয় ফেরত দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন
সর্বশেষপঠিত