গাজা যুদ্ধে ব্যবহৃত সামরিক প্রযুক্তির ইসরায়েলি কোম্পানিগুলো যাচ্ছে ভারতে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যবহৃত প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের সঙ্গে যুক্ত একাধিক ইসরায়েলি কোম্পানি ভারতে যাচ্ছে। স্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব ও প্রযুক্তি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে চলতি মাসের মাঝামাঝি দেশটির দুটি বড় প্রযুক্তি সম্মেলনে অংশ নেবে এসব প্রতিষ্ঠান।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আয়োজিত একটি স্টার্টআপ অনুষ্ঠানে ২০টি ইসরায়েলি কোম্পানির অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটির আয়োজক টিহাব। এ ছাড়া ১৭ থেকে ১৯ নভেম্বর বেঙ্গালুরু টেক সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে আরও ২৫টি ইসরায়েলি কোম্পানির।

এসব সম্মেলনের উদ্দেশ্য স্থানীয় ও ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, ব্যবসায়িক যোগাযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্ব তৈরি করা। তবে মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে দেখা গেছে, অংশ নিতে যাওয়া কয়েকটি কোম্পানির সঙ্গে ইসরায়েলের সামরিক শিল্প এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক কার্যক্রমের সংশ্লিষ্টতা রয়েছে।

ভারতে যেতে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সটেন্ড (XTEND)। প্রতিষ্ঠানটির তৈরি ছোট ড্রোন গাজায় ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে। ২০২৪ সালের ১৬ অক্টোবর হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার আগে তাঁর অবস্থান শনাক্ত ও শেষ মুহূর্তের দৃশ্য ধারণে ব্যবহৃত একটি ড্রোনও এক্সটেন্ডের তৈরি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েলের যুদ্ধের প্রয়োজনীয়তা এক্সটেন্ডসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রেখেছে। পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির স্থলবাহিনীর জন্য হাজার হাজার ফার্স্ট পারসন ভিউ (এফপিভি) ড্রোন সরবরাহের চুক্তি পেয়েছে কোম্পানিটি।

এক্সটেন্ড হায়দরাবাদ ও বেঙ্গালুরু—দুই সম্মেলনেই অংশ নেওয়ার কথা রয়েছে।

তালিকায় রয়েছে ডাগান-অপটিকস (Dagan-Optics)। প্রতিষ্ঠানটি থার্মাল ইমেজিং ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রযুক্তির সরঞ্জাম তৈরি করে। কোম্পানিটির প্রতিষ্ঠাতা রাফায়েল ডাগান ২০২৪ সালে হারেৎজে প্রকাশিত একটি বিজ্ঞাপনধর্মী নিবন্ধে জানিয়েছিলেন, তাঁদের প্রতিষ্ঠান ইসরায়েলি সামরিক বাহিনীর সাঁজোয়া ইউনিট, প্যারাট্রুপার ও পদাতিক সদস্যদের সরঞ্জাম অনুদান দিয়েছে। বিনিময়ে ব্যবহারকারীদের কাছ থেকে পণ্যের কার্যকারিতা সম্পর্কে মতামত নেওয়া হয়েছিল বলে তিনি জানান।

আরেক প্রতিষ্ঠান নেটজার প্রিসিশন (Netzer Precision) ইসরায়েলের বিভিন্ন অস্ত্রব্যবস্থায় ব্যবহৃত সেন্সর সরবরাহ করে। এর মধ্যে গাজায় ব্যবহৃত মারকাভা ট্যাংক ও সাঁজোয়া যানও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই তিন প্রতিষ্ঠান—এক্সটেন্ড, ডাগান-অপটিকস ও নেটজার প্রিসিশন—দুটি প্রযুক্তি সম্মেলনেই অংশ নেবে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

অনুসন্ধানে আরও কয়েকটি প্রতিষ্ঠানের নাম এসেছে, যাদের সঙ্গে ইসরায়েলের সামরিক শিল্প, নিরাপত্তা ব্যবস্থা কিংবা অধিকৃত ভূখণ্ডের নজরদারি অবকাঠামোর সংশ্লিষ্টতা রয়েছে।

এর মধ্যে রয়েছে জিন.এআই (Jeen.ai), যা ইসরায়েলের নিরাপত্তা খাতকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি অবকাঠামো সরবরাহ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালিকায় আছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অরকা সিকিউরিটি (Orca Security)। কোম্পানিটির দাবি, তাদের ৯০ শতাংশ কর্মীর সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা রয়েছে।

এ ছাড়া রয়েছে ম্যাগাল সলিউশনস (Magal Solutions)। প্রতিষ্ঠানটি গাজা সীমান্তের বেড়া এবং অধিকৃত পশ্চিম তীরের বিচ্ছিন্নতাবাদী দেয়ালের কিছু অংশে অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা ও সেন্সর স্থাপনের সঙ্গে যুক্ত ছিল। ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে পাকিস্তান-সংলগ্ন সীমান্তের বেড়ায়ও সেন্সর স্থাপনের সঙ্গে কোম্পানিটির সংশ্লিষ্টতার কথা প্রতিবেদনে বলা হয়েছে।

রোবোটিকস প্রতিষ্ঠান রুবি এআইও (Ruby AI) ভারতে আসার তালিকায় রয়েছে। প্রতিষ্ঠানটি ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক পরিষ্কারের জন্য বিশেষ ধরনের রোবট তৈরি করেছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপজ্জনক ভূগর্ভস্থ সুড়ঙ্গ পরিষ্কারের কাজে ব্যবহার করা যায়—এমন রোবট তৈরির পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।

ইসরায়েলি কোম্পানিগুলোর এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ভারতে বিদেশি নজরদারি প্রযুক্তি কেনা নিয়ে বিতর্ক চলছে। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) সম্প্রতি জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার ও কয়েকটি রাজ্য সরকার ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের (Cellebrite) মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারের প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছে।

সেলিব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের ফোন থেকে তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের অনেককে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশ্বজুড়েও সাংবাদিক ও অধিকারকর্মীদের ব্যবহৃত ডিভাইস থেকে তথ্য সংগ্রহে এ প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে।

ভারতে সাম্প্রতিক বিক্ষোভের পর আটক ব্যক্তিদের ফোন থেকে অনুমতি ছাড়া তথ্য সংগ্রহে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।

আইএফএফের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেন, ভারতের পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো বিদেশ থেকে নজরদারি ও ফরেনসিক প্রযুক্তি কিনছে, অথচ এসব প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে সংসদীয় আইন প্রণয়ন সেই গতিতে এগোচ্ছে না।

তাঁর ভাষ্য, ভারতে এসব প্রযুক্তির প্রথম শিকার হওয়ার ঝুঁকিতে থাকেন বিক্ষোভকারী, সাংবাদিক, কাশ্মীরি ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ। কারণ, তাঁদের পক্ষে এ ধরনের নজরদারি শনাক্ত করা এবং এর বিরুদ্ধে প্রতিকার চাওয়া তুলনামূলক কঠিন।

গাজায় যুদ্ধ শুরুর পর গত তিন বছরে ভারত ও ইসরায়েলের প্রযুক্তি, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই দেশের সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও সহযোগিতা বেড়েছে।

২০২৪ সালের মার্চে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-দিল্লি এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মধ্যে গবেষণা সহযোগিতা চুক্তি হয়। ভারতের আরও কয়েকটি আইআইটি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আলোচনা চলেছে।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দুই সাবেক ইসরায়েলি সেনা ভারতে অবস্থান করার সময় তাঁদের গ্রেপ্তারের দাবি উঠেছিল। পরে তাঁরা ভারত ছেড়ে চলে যান।

ভারত থেকে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির বিষয়টিও আলোচনায় এসেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জুলাই মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও উপাদানবাহী অন্তত ২ হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে।

এ পরিস্থিতিতে ভারতে কোনো বিদেশি নজরদারি প্রযুক্তি কেনার আগে কী পণ্য কেনা হচ্ছে, কোন আইনে তা ব্যবহার করা হবে এবং ব্যবহারের ওপর কারা নজরদারি করবে—এসব তথ্য প্রকাশের দাবি জানিয়েছে আইএফএফ।

মিডল ইস্ট আই জানিয়েছে, তারা টিহাব, এক্সটেন্ড, ডাগান-অপটিকস, নেটজার প্রিসিশন, ম্যাগাল সলিউশনস এবং বেঙ্গালুরু টেক সামিটের আয়োজকদের বক্তব্য জানতে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে জবাব পাওয়া যায়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত