মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ঘোষণা দেন, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করবে ওয়াশিংটন। তাঁর যুক্তি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তবে এ ঘোষণার পেছনে রাজনৈতিক হিসাব-নিকাশও স্পষ্ট হয়ে উঠেছে।
গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনার বড় ইস্যুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘বামপন্থীরা ৪০০ কোটি ডলারের এই অর্থপ্রদানকে অন্যায্যতার প্রতীক হিসেবে ব্যবহার করছে। বিষয়টি সবার জানা, এটি কোনো গোপন বিষয় নয়। আমরা এমনটা হতে দিতে পারি না।’
তবে ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘমেয়াদি সামরিক সহযোগিতার কাঠামো পুরোপুরি বদলে যাওয়ার কোনো ইঙ্গিত নেই। বরং ২০২৭ সালের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) ঘিরে এমন কিছু প্রস্তাব সামনে এসেছে, যেগুলো বাস্তবায়িত হলে দুই দেশের সামরিক প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতা আরও গভীর হতে পারে।
২০১৬ সালে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি সমঝোতা স্মারক অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে ৩৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছিল ওয়াশিংটন। এর মধ্যে ৩৩০০ কোটি ডলার সামরিক অর্থায়ন এবং ৫০০ কোটি ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির জন্য বরাদ্দ।
কিন্তু ট্রাম্পের ঘোষণায় ২০২৭ সালের এনডিএএর বিভিন্ন প্রস্তাবের কথা উল্লেখ করা হয়নি। এসব প্রস্তাবের লক্ষ্য সরাসরি সামরিক সহায়তার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে প্রযুক্তি উন্নয়ন, অস্ত্র উৎপাদন এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের সম্পর্ক আরও বিস্তৃত করা।
২০২৭ সালের এনডিএএর প্রতিনিধি পরিষদে উত্থাপিত সংস্করণের ২১৯ ধারায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক প্রযুক্তি সহযোগিতা সম্প্রসারণে একটি নতুন উদ্যোগের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় যৌথ গবেষণা, প্রযুক্তির উন্নয়ন, পরীক্ষা এবং উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে।
প্রস্তাব অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ কার্যক্রম সমন্বয়ের জন্য একজন কর্মকর্তা নিয়োগ করবেন। তিনি যৌথভাবে অথবা ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর তৈরি এমন প্রযুক্তি চিহ্নিত করবেন, যেগুলো মার্কিন সামরিক ব্যবস্থা ও কর্মসূচিতে ব্যবহার করা সম্ভব।
এ উদ্যোগের আওতায় সামরিক সংস্থা, বেসরকারি কোম্পানি ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলি কোম্পানির অংশীদারত্ব উৎসাহিত করা হবে।
সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রের মধ্যে রয়েছে—
- ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা;
- ড্রোন প্রতিরোধী প্রযুক্তি;
- কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় যুদ্ধব্যবস্থা;
- উন্নত সেন্সর ও সামরিক যোগাযোগ প্রযুক্তি;
- সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক যুদ্ধ;
- জৈবপ্রযুক্তি ও তথ্য নেটওয়ার্ক;
- সরবরাহব্যবস্থা ও যোগাযোগ বিঘ্নিত হলেও সামরিক অভিযান পরিচালনার প্রযুক্তি।
গবেষণায় উদ্ভাবিত প্রযুক্তিকে সরাসরি সামরিক ব্যবহারে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এ জন্য পেন্টাগনের ক্রয় কর্মসূচি, লাইসেন্সিং চুক্তি, যৌথ উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক উৎপাদন অংশীদারত্বের সুযোগ তৈরি করা হবে।
এর ফলে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবিত প্রযুক্তি মার্কিন সামরিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গবেষণাগার, উৎপাদন অবকাঠামো ও সামরিক চুক্তিতে ইসরায়েলি কোম্পানিগুলোর প্রবেশাধিকার বাড়বে।
সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সংস্করণেও একই ধরনের প্রস্তাব রয়েছে। এর ১২১৭ ধারায় প্রস্তাবিত উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল ফ্রেমওয়ার্ক ফর আপগ্রেডেড টেকনোলজিস, ইউনিফায়েড রিসার্চ অ্যান্ড এনহ্যান্সড সিকিউরিটি’ বা ‘ফিউচারস অ্যাক্ট’।
গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে উদ্বেগ কেন?
সামরিক প্রযুক্তি সহযোগিতার পাশাপাশি ২০২৭ সালের এনডিএএর ৬১৮ ধারায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব রয়েছে।
এতে মার্কিন প্রেসিডেন্টকে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকের মাধ্যমে এবং প্রয়োজন হলে প্রতিরক্ষামন্ত্রীর সহায়তায় ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গেও সহযোগিতা সম্প্রসারণের কথা বলা হয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় সাইবার নিরাপত্তা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন, সামরিক তৎপরতা এবং রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষগুলোর পরিকল্পনা-সংক্রান্ত তথ্য বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও আঞ্চলিক মিত্রদের জন্য হুমকির তথ্যও এর আওতায় আসবে।
সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কমানো বা স্থগিত করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার প্রস্তাব।
এ অনুযায়ী, গোয়েন্দা তথ্যের উৎসের নিরাপত্তা কিংবা পাল্টা গোয়েন্দা তৎপরতার ঝুঁকির মতো সুনির্দিষ্ট জাতীয় নিরাপত্তা উদ্বেগ থাকলেই কেবল সহযোগিতার মাত্রা পরিবর্তন করা যাবে।
এ ধরনের সিদ্ধান্তের কারণ, সম্ভাব্য প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর এর পরিণতি লিখিতভাবে নথিভুক্ত করে কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটিগুলোকে জানাতে হবে।
সমালোচকদের আশঙ্কা, এ বিধান কার্যকর হলে ইসরায়েলের সঙ্গে তথ্য বিনিময়ে কোনো ঝুঁকি শনাক্ত করার পরও মার্কিন প্রেসিডেন্টের পক্ষে তাৎক্ষণিকভাবে সহযোগিতা সীমিত করা কঠিন হয়ে পড়বে। এতে সংবেদনশীল মার্কিন গোয়েন্দা তথ্য, তথ্যের উৎস এবং সামরিক অভিযান ঝুঁকিতে পড়তে পারে।
তিনটি প্রস্তাব একসঙ্গে কার্যকর হলে ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসনের পক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের সামরিক ও গোয়েন্দা কাঠামো পরিবর্তন করাও কঠিন হয়ে উঠতে পারে।
২০২৭ সালের এনডিএএর চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা শুরুর আগেই প্রস্তাবিত ধারাগুলোর বিরোধিতা জোরালো হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একটি অংশ বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হওয়ার আগেই ২১৯, ১২১৭ ও ৬১৮ ধারা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।
গত ১০ নভেম্বর সিনেটর ক্রিস্টোফার ভ্যান হোলেনের নেতৃত্বে ১২ জন সিনেটর কংগ্রেসের নেতাদের কাছে চিঠি দিয়ে এসব ধারা বাদ দেওয়ার আহ্বান জানান। তাঁদের যুক্তি, প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের স্বাধীনভাবে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত করতে পারে।
চিঠিতে স্বাক্ষর করেন বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, প্যাট্রিক মারে, রন ওয়াইডেন, জেফ মার্কলি, ব্রায়ান শ্যাটজ, এডওয়ার্ড মার্কি, ট্যামি ডাকওয়ার্থ, টিনা স্মিথ, পিটার ওয়েলচ ও অ্যান্ড্রু কিম।
প্রতিনিধি পরিষদে কংগ্রেসম্যান রোহিত খান্না নির্বাচনের পরবর্তী অধিবেশনে ২১৯ ধারা বাদ দেওয়াকে ডেমোক্র্যাটদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসিও ধারাটি প্রতিরক্ষা বিল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন।
এর আগে এ বিষয়ে আনা সংশোধনীতে পৃথকভাবে ভোটাভুটির সুযোগ দেওয়া হয়নি। গত ২২ জুলাই প্রতিনিধি পরিষদ ২১৬-২১২ ভোটে এনডিএএর নিজস্ব সংস্করণ পাস করে। এতে ২১৯ ধারা বহাল থাকে।
অন্যদিকে, ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উদ্যোগের সমর্থকেরা চূড়ান্ত বিলে এসব প্রস্তাব বহাল রাখার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল রজার্স এবং সিনেটর থিওডোর বাড।
এখন দুই কক্ষের আইনপ্রণেতারা বিলটির চূড়ান্ত সংস্করণ নিয়ে আলোচনা করছেন। এ আলোচনা চলছে ‘লেম ডাক’ অধিবেশনে। মধ্যবর্তী নির্বাচনের পর নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার আগের এই সময়টিতে বিদায়ী কংগ্রেসের সদস্যরা আইন প্রণয়নের কাজ চালিয়ে যান।
আগামী ৩ জানুয়ারি ২০২৭ নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার কথা। তার আগে চূড়ান্ত বিলে ঐকমত্য না হলে বিষয়টি নতুন কংগ্রেসে আবারও উত্থাপন করতে হবে। সে ক্ষেত্রে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রস্তাবগুলোর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প ও প্রযুক্তি খাত ইসরায়েলি প্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে পড়তে পারে। এতে নিজেদের সামরিক প্রযুক্তি ও নিরাপত্তা অঙ্গীকারের ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
ইসরায়েলে উদ্ভাবিত প্রযুক্তি মার্কিন অস্ত্রব্যবস্থার সঙ্গে যুক্ত হলে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, সফটওয়্যার ও উৎপাদনের জন্য পেন্টাগনকে ইসরায়েলি কোম্পানির ওপর নির্ভর করতে হতে পারে। ফলে যৌথ প্রকল্প বন্ধ করা ভবিষ্যতে আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে।
গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রস্তাবও একইভাবে উদ্বেগ তৈরি করছে। কারণ, এটি কার্যকর হলে নিরাপত্তাঝুঁকি শনাক্ত করার পরও ইসরায়েলের সঙ্গে তথ্য বিনিময় স্থগিত করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে বাড়তি বাধার মুখে পড়তে হতে পারে।
এ ছাড়া সরাসরি সামরিক সহায়তার পরিবর্তে যৌথ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সহযোগিতা বাড়লে মার্কিন সহায়তার প্রকৃত পরিমাণ ও ধরন সাধারণ মানুষের কাছে কম দৃশ্যমান হয়ে উঠতে পারে। কংগ্রেসের পক্ষেও এসব সহযোগিতার আর্থিক ও কৌশলগত দিক পর্যবেক্ষণ করা কঠিন হতে পারে।
দীর্ঘ মেয়াদে এর ফলে যুক্তরাষ্ট্র এমন একটি সামরিক ও গোয়েন্দা অংশীদারত্বের অর্থনৈতিক ও নিরাপত্তাগত দায় বহন করতে পারে, যার ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা ক্রমেই কঠিন হয়ে উঠবে।
অর্থাৎ, ইসরায়েলকে সরাসরি সামরিক অনুদান বন্ধের ঘোষণা দিলেও ওয়াশিংটন যদি যৌথ প্রযুক্তি, অস্ত্র উৎপাদন ও গোয়েন্দা সহযোগিতার পথ আরও বিস্তৃত করে, তাহলে সেটি সহায়তা বন্ধের চেয়ে সহায়তার ধরন পরিবর্তনের কৌশল হিসেবেই বিবেচিত হতে পারে।