রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি-না, সে বিষয়ে রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালত এই রায় ঘোষণা করবেন।
প্রায় এক দশক আগে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সেই ঘটনার বিচার চেয়ে করা মামলাটি আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিচারব্যবস্থার ক্ষেত্রে এটি অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হতে পারে। এর প্রভাব পড়তে পারে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান পৃথক গণহত্যা মামলাতেও।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে, এ অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে মামলা করে। ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে করা মামলাটির শুনানি ও নথিপত্র পর্যালোচনায় সাত বছর সময় নিয়েছেন আদালতের বিচারকেরা।
গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল কি-না, সেটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। রোহিঙ্গাদের পক্ষে কাজ করা আইনজীবীরা বলছেন, গ্রামে গ্রামে হামলা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার ধারাবাহিকতা গণহত্যার উদ্দেশ্য প্রমাণে গুরুত্বপূর্ণ হতে পারে।
গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কয়েকজনের সাক্ষ্যও রুদ্ধদ্বার শুনানিতে গ্রহণ করে আদালত। তাদের বর্ণনায় হত্যা, শিশুদের আগুনে নিক্ষেপ এবং গণকবরের ভয়াবহ অভিজ্ঞতা উঠে আসে। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান।
আইসিজের রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী গণহত্যা মামলার বিচারিক মূল্যায়নেও এ রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। মিয়ানমারের ভেতরে রয়ে গেছেন আনুমানিক ছয় লাখেরও কম রোহিঙ্গা।
সূত্র: দ্য গার্ডিয়ান
বোমা হামলার হুমকিতে বেসামাল ইউরোপ
গাজার হাসপাতালগুলোতে হামলা বন্ধের আহ্বান মার্কিন আইনপ্রণেতার
ভেঙে পড়ছে সৌদি আরব: ডোনাল্ড ট্রাম্প