পারমাণবিক প্রযুক্তিতে নতুন চমক, নিজস্ব ফিউশন ব্যবস্থা আনছে ইরান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম নিউক্লিয়ার ফিউশন ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির পারমাণবিক প্রযুক্তির অগ্রগতির অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসলামি বলেন, ইরানি বিজ্ঞানীরা এই ব্যবস্থা তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ প্রকল্পের লক্ষ্য ইরানের বৈজ্ঞানিক সক্ষমতা এবং উন্নত প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সামর্থ্য তুলে ধরা বলেও জানান তিনি।

ইরানের অ্যাডভান্সড টেকনোলজিস কোম্পানির প্রধান আলী নওরুজি বলেন, নিউক্লিয়ার ফিউশন হলো বিশেষ ও জটিল ভৌত পরিবেশে দুটি হালকা আইসোটোপকে একত্র করে ফিউশন বিক্রিয়া ঘটানোর প্রক্রিয়া।

তাঁর ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় উৎপন্ন বিকিরণ ব্যবহার করে রেডিওফার্মাসিউটিক্যালস বা তেজস্ক্রিয় ওষুধ এবং উন্নত চিকিৎসা-নির্ণয়ব্যবস্থা তৈরি করা সম্ভব।

নওরুজি আরও বলেন, দীর্ঘমেয়াদে এমন একটি ব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের লক্ষ্য, যার মাধ্যমে ব্যবস্থার ভেতরে শক্তির অপচয় ছাড়াই উচ্চ বৈদ্যুতিক প্রবাহ উৎপাদন করা যাবে। বিদ্যুৎ উৎপাদনসহ জ্বালানি খাতে ফিউশন প্রযুক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।