ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ ‘মিথ্যার ওপর প্রতিষ্ঠিত’: সাবেক আইএইএ প্রধান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে ‘মিথ্যার ওপর প্রতিষ্ঠিত’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেই।

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের সামরিক হস্তক্ষেপবিরোধী সমালোচনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এলবারাদেই লেখেন, ‘ভিয়েতনাম, ইরাক এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যে মিথ্যার ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে, সেই বাস্তবতা কি আমরা স্বীকার করব? আমাদের পররাষ্ট্রনীতি—বিশেষ করে ইসরায়েলের উগ্রপন্থী সরকারের জন্য অব্যাহত সামরিক অর্থায়ন—নিয়ে কি মৌলিকভাবে নতুন করে ভাবার প্রয়োজন নেই?’

এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা ডেমোক্র্যাটদের রয়েছে। শুধু প্রস্তাব বা রেজল্যুশন পাস করেই নয়, যুদ্ধের অর্থায়ন বন্ধ করেও এ লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

স্যান্ডার্স যুদ্ধটিকে অবৈধ ও অসাংবিধানিক বলেও অভিহিত করেন। তাঁর অভিযোগ, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এতে দেশটির কয়েক শ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অন্যদিকে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েছে।

এলবারাদেইয়ের মন্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নীতি এবং ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত