ইরান অবরোধে তিন মার্কিন রণতরি, নতুন হামলার আশঙ্কা

ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করতে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে। একই সময়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, আগামী এক বছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে।

রোববার (১৫ নভেম্বর) মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় প্রবেশ করে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন আরব সাগরে অবস্থান করছিল। নতুন রণতরিটি তাদের সঙ্গে যোগ দিয়েছে।

তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে এই নৌ-তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন। রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আগামী এক বছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে।

তিনি বলেন, ‘এটি ইতিহাসের দ্রুততম অর্থনৈতিক পতনগুলোর একটি।’

গত মাসে ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারেও একই ধরনের পূর্বাভাস দিয়েছিলেন বেসেন্ট। ২৬ অক্টোবর তিনি বলেছিলেন, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ইরানের অর্থনীতি ২৫ শতাংশের বেশি সংকুচিত হতে পারে। তাঁর তুলনায়, সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির অর্থনীতির সংকোচনের হারকেও ছাড়িয়ে যেতে পারে এই পতন।

এদিকে শনিবার রয়টার্স জানায়, ইরান বা ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী নতুন কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে ইরানে আরও হামলা আপাতত স্থগিত রাখার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁকে নতুন করে হামলা শুরু না করার পরামর্শ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা এখনো রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকা বাহরাইন জানিয়েছে, রোববার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথে আসা হামলা প্রতিহত করেছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ছয়টি ড্রোন দিয়ে একটি মার্কিন রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এ হামলার দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

এর দুই দিন আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা দুটি ড্রোন প্রতিহত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই সঙ্গে একটি মার্কিন আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালানোর ইরানি দাবি প্রত্যাখ্যান করে ওয়াশিংটন।

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে ইসরায়েলও। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরেছেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে হামলার বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হতে পারে।

তিনি বলেন, ‘এবার যুক্তরাষ্ট্র ভুল করলে যুদ্ধের ভৌগোলিক বিস্তৃতি নির্ধারিত হবে আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও ইচ্ছাশক্তির ভিত্তিতে।’

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার ওমান সফরে যেতে পারেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সফরে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান।