রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির পাঠানো সাম্প্রতিক বার্তাকে ‘বিশেষ’ বলে অভিহিত করেছেন মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। তাঁর মতে, এই বার্তায় তেহরান ও মস্কোর কৌশলগত সম্পর্কের গুরুত্ব এবং সর্বোচ্চ পর্যায়ে পারস্পরিক আলোচনা অব্যাহত রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি বলেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির মস্কো সফরের প্রধান উদ্দেশ্য ছিল সর্বোচ্চ নেতার আনুষ্ঠানিক বার্তা রুশ প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়া।
তিনি বলেন, বার্তায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব এবং সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত পরামর্শ ও আলোচনা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
জালালি আরও বলেন, দুই দেশের কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটেই রেজায়ির সফরকে দেখতে হবে। বিশেষ করে বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে তেহরান ও মস্কোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা বেড়েছে।
তাঁর ভাষায়, এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি কৌশলগত সহযোগিতা বজায় রাখা ও আরও গভীর করার বিষয়ে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
চলতি মাসের শুরুতে মস্কোর ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন রেজায়ি। সেখানে দুই দেশের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ওই সময় রেজায়ি জানিয়েছিলেন, সর্বোচ্চ নেতা যত দ্রুত সম্ভব পুতিনের কাছে বার্তাটি পৌঁছে দিতে চেয়েছিলেন। জবাবে রুশ প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার প্রতি তাঁর ‘উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা’ জানান।
পুতিনও ইরানের সর্বোচ্চ নেতার বার্তাকে স্বাগত জানান এবং আঞ্চলিক ক্ষেত্রে ইরানের গঠনমূলক ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পরিণতি মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের ব্যবস্থা নিয়ে কাজ করার প্রেক্ষাপটে তেহরান ও মস্কোর কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগ আরও জোরদার হয়েছে।
রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার বারবার ব্যক্ত করেছে দেশ দুটি।
ক্রেমলিনের বৈঠকে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডর (আইএনএসটিসি) এবং ইরানকে আঞ্চলিক গ্যাসের কেন্দ্রে পরিণত করার বিষয়েও আলোচনা হয়।
উত্তর-দক্ষিণ করিডর একটি বহুমাত্রিক পরিবহন নেটওয়ার্ক। এর মাধ্যমে রাশিয়া ও উত্তর ইউরেশিয়ার অন্যান্য অঞ্চলের সঙ্গে ইরান এবং আরও দক্ষিণের বাজারগুলোর যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। বাণিজ্য ও পরিবহন সংযোগ সম্প্রসারণে তেহরান-মস্কোর বৃহত্তর উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ এই করিডর।
সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে ইংল্যান্ডের দুর্দান্ত জয়
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের প্রমাণ
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড