নির্বাচনে আরবদের গ্রেপ্তারে নেতানিয়াহুর কার্যালয়ের ভূমিকা নিয়ে তদন্ত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা নির্বাচনের দিন দক্ষিণ ইসরায়েলে ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কর্মীদের গ্রেপ্তারের ঘটনা সাজাতে ভূমিকা রেখেছিলেন বলে সন্দেহ তৈরি হয়েছে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ সন্দেহের কথা উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর নেসেট নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের দপ্তরে যোগাযোগ করেন। দক্ষিণ ইসরায়েলে রাআমের তিন কর্মীর কর্মকাণ্ড নিয়ে তিনি অভিযোগ জানান। পাশাপাশি, এ বিষয়ে তথ্য রয়েছে বলে দাবি করে পুলিশের কাছে একটি গোয়েন্দা সূত্রের সন্ধানও দেন।

অনুসন্ধানে ওই সূত্রকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি কার্যালয়ের সাবেক মহাপরিচালক ইয়োসি শেলির ঘনিষ্ঠ ছিলেন।

প্রতিবেদন বলছে, ওই সূত্র তিন কর্মীর বিরুদ্ধে যেসব অভিযোগসংবলিত তথ্য দিয়েছিল, পরে সেগুলোর পক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে নির্বাচনের আগের রাতে পুলিশ তাদের গোয়েন্দা তথ্যভান্ডারে এসব তথ্য নথিভুক্ত করে। নেতানিয়াহুর কার্যালয়ের অভিযোগ এবং ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতেই নির্বাচনের দিন গ্রেপ্তারের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধান অনুযায়ী, প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো তল্লাশি পরোয়ানা ছাড়াই তিন কর্মীর বাড়িতে অভিযান চালান। গ্রেপ্তারি পরোয়ানাও ছিল না। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন রাহাত শহরের চিকিৎসক সাইয়াফ আবু রিয়াশ।

পুলিশের অভিযোগ ছিল, ওই কর্মীদের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও রাআমের ভাউচার ছিল। ভোটারদের প্রভাবিত করা এবং নির্বাচনে তাদের সমর্থন নিশ্চিত করার উদ্দেশ্যে এসব অর্থ ও ভাউচার রাখা হয়েছিল বলে দাবি করে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু দ্রুত এসব অভিযোগ প্রকাশ্যে আনেন এবং নির্বাচনের দিনজুড়ে তা বারবার প্রচার করেন। এতে সন্দেহ তৈরি হয়েছে, তার কার্যালয়ই হয়তো ঘটনাটির সূত্রপাত ঘটাতে সহায়তা করেছিল। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আরবরা নির্বাচন চুরি করছে—এমন প্রচারও চালানো হয় বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানে আরও বলা হয়েছে, নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি পাঁচ আরব সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের সন্দেহের কথা উল্লেখ করে তিনি এ অনুমতি চান।

তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা শেষ মুহূর্তে সেই আবেদন নাকচ করে দেন। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ নির্বাচনের স্বচ্ছতা ও অখণ্ডতা ক্ষুণ্ন করতে পারে—এমন বিদেশি হস্তক্ষেপের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পায়নি।

মামলাটি সম্পর্কে অবগত আইন প্রয়োগকারী সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, এ ধরনের চর্চা ভবিষ্যতের নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলো তাকে এমন ধারণা দিয়েছে যে, ‘এখানে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।’

ওই কর্মকর্তা আরও বলেন, তার বর্ণনা অনুযায়ী, পুলিশ ও শিন বেতকে জেনেশুনে কিংবা অজান্তে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

নির্বাচনের দুই দিন পর শিন বেতপ্রধান জিনি এবং ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের তথ্যও প্রকাশ করেছে অনুসন্ধানী প্রতিবেদনটি। পরে আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।

বৈঠকে জিনি আইজেনকোটের সামনে একটি ‘মোটা ফাইল’ রাখেন। তিনি দাবি করেন, ২০১৮ সাল থেকে তার কাছে এমন তথ্য রয়েছে, যা প্রমাণ করে ‘ইসরায়েলে আরবরা নির্বাচন চুরি করছে’। আগের শিন বেতপ্রধানেরা এসব তথ্য উপেক্ষা করেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে নিজে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, জিনির এসব বক্তব্য শিন বেত ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করে। বিশেষ করে নির্বাচনে জালিয়াতি কিংবা বিদেশি হস্তক্ষেপের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন না করায় এ উদ্বেগ দেখা দেয়।

এদিকে ছয় দিন আটক থাকার পর বিয়ারশেবা ম্যাজিস্ট্রেট আদালত সাইয়াফ আবু রিয়াশকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। পুলিশ দাবি করেছিল, তার বাড়ি থেকে ‘বেশ কিছু জিনিসপত্র’ উদ্ধার করা হয়েছে। কিন্তু অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পরোয়ানা ছাড়া চালানো ওই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।

এসব ঘটনায় রাজনৈতিক ও নির্বাচনী বিরোধে পুলিশ ও শিন বেতকে ব্যবহার করা হয়েছিল কি না, পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলো রাজনৈতিক হস্তক্ষেপ থেকে কতটা স্বাধীন—সে প্রশ্ন সামনে এসেছে। বিষয়টি এখনো পর্যালোচনাধীন এবং অনুসন্ধানে উত্থাপিত কয়েকটি অভিযোগের নিষ্পত্তি হয়নি।