ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার

ইরানে তথাকথিত ‘অনার কিলিং’ বা পারিবারিক সম্মান রক্ষার নামে কিশোরী ও নারীদের হত্যার ঘটনা দীর্ঘকাল ধরে সমাজ ও মানবাধিকার কর্মীদের গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। 

স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনাটি ‘অনার কিলিং’ বা কথিত সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড হতে পারে বলে জোরালো সন্দেহ দেখা দিয়েছে। মৃত্যুর আগে ওই ছাত্রী নিজের জীবন ঝুঁকিতে থাকার বিষয়ে সতর্ক করলেও স্কুল কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) মেয়েটির বাবা এবং সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিহত ওই কিশোরী মৃত্যুর কয়েকদিন আগেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল এবং পরিবারের পক্ষ থেকে তার জীবনের ওপর হুমকি রয়েছে বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছিল। তবে অভিযোগ উঠেছে, বিষয়টি জানার পরও স্কুল কর্তৃপক্ষ তাকে সুরক্ষা দিতে বা প্রশাসনের সহায়তা নিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

মঙ্গলবার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি ‘অনার কিলিং’ বা পারিবারিক সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বে অবহেলা এবং কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে স্কুলের অধ্যক্ষকে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মেয়েটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরীর এই মর্মান্তিক মৃত্যু এবং শিক্ষাপ্রতিষ্ঠানের চরম উদাসীনতা নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

স্কুল ও বাড়িতে সহিংসতার বিবরণ

‘হানা হিউম্যান রাইটস অর্গানাইজেশন’ সোমবার জানিয়েছে, সায়াদির ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় জানার পর স্কুল কর্তৃপক্ষ তার বাবা কিউমার্স সায়াদিকে ডেকে পাঠিয়েছিল।

ঘটনাপ্রবাহ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, বিষয়টি ছিল এক কিশোরের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক নিয়ে। যদিও স্কুলের অধ্যক্ষ অস্বীকার করেছেন যে, এই সম্পর্কের কারণেই তার বাবাকে ডেকে পাঠানো হয়েছিল।

‘হানা’ তাদের সূত্রের বরাতে জানিয়েছে, স্কুলের বাইরে সহপাঠীদের সামনেই সায়াদির বাবা তাকে প্রচণ্ড মারধর করেন এবং বারবার তার মাথা দেয়ালে আঘাত করেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বাড়িতেও এই সহিংসতা অব্যাহত ছিল এবং একপর্যায়ে তার বাবা তাকে ভবন থেকে নিচে ফেলে দেন।

অন্যান্য তথ্যে বলা হয়েছে, ওই কিশোরী ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে গিয়েছিল। কারমানশাহ শিক্ষা বিভাগ তার স্কুল ছাড়ার বিষয়ে ভিন্ন একটি ভাষ্য দিয়েছে। তাদের ভাষ্যমতে, তার বাবা তার একাডেমিক নথিপত্র সংগ্রহ করতে এবং পশ্চিম ইরানের শহর গিলান-এ গার্বে তার বদলির ব্যবস্থা করতে স্কুলে এসেছিলেন।

শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে তারা দুজনে স্কুল থেকে বেরিয়ে যান।

শিক্ষা বিভাগের জনসংযোগ পরিচালক জাহাঙ্গীর আগাই জানিয়েছেন, সায়াদি তার সৎ মায়ের সঙ্গে থাকতেন এবং পারিবারিক মতবিরোধের শিকার হয়েছিলেন। এছাড়া, তাকে নিজ শহরে ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে।