বাহরাইনে ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা।
আইআরজিসির দাবি, বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন রাডারব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘বৈরী কর্মকাণ্ড’ মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে হামলাটি চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত। দেশটিতে নতুন করে হামলার খবর এমন সময়ে এল, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে আছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধ উপসাগরীয় অঞ্চলসহ এর বাইরেও ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে ‘অল ক্লিয়ার’ বার্তা পাঠানো হয়।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সতর্কতামূলক ব্যবস্থা এখনো বহাল রয়েছে। এ সময় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সাম্প্রতিক হামলার দাবি
বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে হামলার দাবি এটাই প্রথম নয়। গত রোববার আইআরজিসি জানায়, দেশটির রিফা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা রাডারব্যবস্থা লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করেন। যুক্তরাষ্ট্রের বৈরী কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইরান।
এর আগে শুক্রবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডারব্যবস্থা লক্ষ্য করে হামলার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সামরিক বাহিনী ওই স্থাপনায় হামলার খবর অস্বীকার করে। তাদের দাবি, ইরানের দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা রেসুল সারদার বলেন, শুক্রবারের পর থেকে সংঘাতের নিয়মে পরিবর্তন দেখা যাচ্ছে। তাঁর মতে, ইরান এখন নিজের সামরিক প্রতিরোধক্ষমতা ও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি বলেন, এর আগে ইরান সতর্ক করেছিল, তাদের সঙ্গে সমন্বয় না করে হরমুজ প্রণালি দিয়ে যেসব তেলবাহী জাহাজ চলাচল করবে, সেগুলোকে যুক্তরাষ্ট্র পাহারা দিলে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হতে পারে। এখন ইরান বলছে, দেশটির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের অব্যাহত উপস্থিতির জবাব হিসেবেই বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করা হয়েছে।
অর্থাৎ, ইরানের এই হামলার দাবি কোনো নির্দিষ্ট মার্কিন হামলার প্রতিক্রিয়া নয়; বরং তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছেন আলজাজিরার ওই সংবাদদাতা।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বাহরাইনে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা
হরমুজে তেলবাহী জাহাজে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন সতর্কতা
খেলার সময় মাথায় আঘাত, বাঁচানো গেলো না আর্জেন্টাইন তরুণ ফুটবলারকে
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, যা বললো ইরান