ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নিয়ে সিএনএনের প্রতিবেদনকে ‘লজ্জাজনক মিথ্যাচার’ ও ইতিহাসের বিকৃতি বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেছেন, রাসায়নিক অস্ত্রের অন্যতম বড় ভুক্তভোগী দেশ ইরান।
বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ঘারিবাবাদি বলেন, রাসায়নিক অস্ত্রের মতো অমানবিক অস্ত্রের হামলার শিকার হয়েছে ইরান। আর এসব অস্ত্র ব্যবহারে সমর্থন জুগিয়েছে বর্তমান অভিযোগকারীদেরই কয়েকটি পক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, সত্য যেন প্রচার-যুদ্ধের শিকার না হয়।
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে। তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
ঘারিবাবাদি তাঁর দ্বিতীয় পোস্টে নিউইয়র্ক টাইমসেরও সমালোচনা করেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র স্থাপনার কাছাকাছি অবস্থানের অজুহাতে ইরানের বাঁধগুলোতে হামলার পরিকল্পনা তুলে ধরে সেটিকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছে পত্রিকাটি। এর ফলে সৃষ্ট মানবিক ও আইনগত পরিণতির দায় নিউইয়র্ক টাইমস এড়াতে পারে না।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিক জনগণের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ। এ ধরনের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করা কিংবা বাস্তবে তা কার্যকর করার পরিণতি এড়ানো যাবে না।
সূত্র: মেহর নিউজ