শহীদ তেহরানি মোকাদ্দাম: ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়নের অগ্রনায়ক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়নের কৌশল বুঝতে হলে শহীদ হাসান তেহরানি মোকাদ্দামের ভূমিকা পর্যালোচনা করা জরুরি। তিনি শুধু আইআরজিসির একটি ক্ষেপণাস্ত্র ইউনিট প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেননি; বরং বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের ভিত্তি স্থাপন করেছিলেন।

ইরান-ইরাক যুদ্ধের শুরুর বছরগুলোতে ইরানের ওপর ইরাকি বাথবাদী সরকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সংগ্রহে দেশটিকে বড় ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে হয়েছিল। এই অভিজ্ঞতা ইরানের সশস্ত্র বাহিনীর নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তা সামনে নিয়ে আসে।

১৯৮৩ সালে আইআরজিসির ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কমান্ড প্রতিষ্ঠা ও সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয় শহীদ তেহরানি মোকাদ্দামকে। ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ইরান প্রথমবারের মতো কিরকুকের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এই ঘটনা দেশটিতে একটি কৌশলগত শিল্পের বিকাশের সূচনা করে। ধীরে ধীরে বিদ্যমান ক্ষেপণাস্ত্র সংযোজন ও পরিচালনার পর্যায় পেরিয়ে নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রের নকশা, উন্নয়ন ও উৎপাদনের দিকে এগিয়ে যায় ইরান।

তবে তেহরানি মোকাদ্দামের গুরুত্ব শুধু এই প্রক্রিয়ার সূচনা করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তাঁর কৌশলগত পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিবরণ পরে তুলে ধরেন মেজর জেনারেল হাজিজাদেহ।

তেহরানি মোকাদ্দামের পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে হাজিজাদেহ বলেন, শুরুতে তিনি ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। কিন্তু সেই লক্ষ্য অর্জনের পর তাঁর আরেকটি পরিকল্পনা ছিল—ওই পাল্লার মধ্যে থাকা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো পুনর্মূল্যায়ন করা এবং সেগুলোর সংখ্যাগত ও গুণগত সীমাবদ্ধতা দূর করা।

এই বিবরণ ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। ক্ষেপণাস্ত্রের উন্নয়ন শুধু পাল্লা বাড়ানোর মাধ্যমে পরিমাপ করা উচিত নয়। নির্ভুলতা, নির্ভরযোগ্যতা ও সামগ্রিক কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান ব্যবস্থার দুর্বলতা দূর করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

তেহরানি মোকাদ্দামের মৃত্যুর পরও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি অব্যাহত থাকে। এতে বোঝা যায়, দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি আর কোনো এক ব্যক্তি বা গোষ্ঠীর ওপর নির্ভরশীল নেই; বরং এটি বৃহত্তর বৈজ্ঞানিক, শিল্প ও সাংগঠনিক সক্ষমতায় পরিণত হয়েছে।

২ হাজার কিলোমিটার পাল্লার ইরানি ক্ষেপণাস্ত্র: এখন পর্যন্ত কী তৈরি হয়েছে?

ইরানের ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা মূল্যায়ন করতে হলে দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পের প্রকাশ্যে ঘোষিত অর্জন ও ব্যবস্থাগুলো পর্যালোচনা করা প্রয়োজন।

সেজ্জিল ক্ষেপণাস্ত্র

দুই ধাপবিশিষ্ট কঠিন জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন সেজ্জিল। এর ঘোষিত পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার।

দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কঠিন জ্বালানি প্রযুক্তির উন্নয়ন এই ক্ষেপণাস্ত্রের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র পরিচালনার সক্ষমতা আরও বিস্তৃত হয়েছে।

খোররামশাহর-৪ (খাইবার) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: প্রকাশ্যে ঘোষিত সর্বশেষ অর্জন

২০২৩ সালের জুনে উন্মোচন করা হয় খোররামশাহর-৪, যা খাইবার নামেও পরিচিত। এটি ইরানের প্রকাশ্যে ঘোষিত সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র অর্জনগুলোর একটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২ হাজার কিলোমিটার এবং এটি প্রায় ১ হাজার ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। ভারী ওয়ারহেডযুক্ত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানের অগ্রগতির প্রতিফলন এই ব্যবস্থা।

এমাদ ক্ষেপণাস্ত্র

এমাদ ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ওয়ারহেডের দিকনির্দেশনা ও আঘাতের নির্ভুলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর পাল্লা প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফাত্তাহ ক্ষেপণাস্ত্র

আরও উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন এবং প্রতিরক্ষাব্যবস্থাকে মোকাবিলার সামর্থ্য বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। এর ঘোষিত পাল্লা প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার।

সব মিলিয়ে এসব ক্ষেপণাস্ত্র কঠিন ও তরল জ্বালানিচালিত প্রযুক্তি থেকে শুরু করে নির্ভুলতা বৃদ্ধি এবং উন্নত ওয়ারহেড তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের অগ্রগতির পরিচয় দেয়।

এখানে উল্লেখ্য, ২ হাজার কিলোমিটারের সীমা অতিক্রম করার অর্থ এই নয় যে, ইরানকে এসব ক্ষেপণাস্ত্রের পরিবার পরিত্যাগ করতে হবে। বরং বিদ্যমান প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করেই সেই সীমা অতিক্রম করা সম্ভব হতে পারে।

গুরুত্বপূর্ণ অগ্রগতি: ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা

এ বিষয়ে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে ২০২৬ সালের নভেম্বরে। ওই সময় আইআরজিসির মুখপাত্রের একটি বক্তব্য দেশটির ক্ষেপণাস্ত্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতায় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

সামরিক পরিস্থিতির পরিবর্তন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হুমকি বেড়ে যাওয়ার পর ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা পুনর্বিবেচনার বিষয়টি সামরিক ও গণমাধ্যমের আলোচনায় আবারও সামনে আসে।

২০২৬ সালের ৭ নভেম্বর ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ‘এই সীমাবদ্ধতা আমাদের জন্য তুলে নেওয়া হয়েছে।’

ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার পর এই বক্তব্য আসে।

আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ইরানকে শুধু নিজেদের অবস্থান ঘোষণা করলেই চলবে না; বাস্তব কাজের মাধ্যমে সক্ষমতা প্রদর্শন করতে হবে।

এই ঘোষণার দুটি তাৎপর্য রয়েছে। প্রথমত, আইআরজিসির ঘোষিত নীতিতে আগের ২ হাজার কিলোমিটার সীমাকে আর চূড়ান্ত সীমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে না। দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর সিদ্ধান্তকে পরিবর্তিত হুমকি মূল্যায়ন ও দেশের প্রতিরোধ সক্ষমতার প্রয়োজনীয়তার সঙ্গে যুক্ত করা হয়েছে।

তবে কোনো বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা এবং ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার কার্যকর ক্ষেপণাস্ত্র হাতে থাকা—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আইআরজিসির মুখপাত্র তাঁর বক্তব্যে নতুন কোনো পাল্লার কথা জানাননি কিংবা ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার কার্যকর ক্ষেপণাস্ত্রের কোনো কারিগরি বিবরণ দেননি।

তাই এ পর্যায়ে নিশ্চিতভাবে বলা যায়, ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত রাখার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক অবস্থানে পরিবর্তনের ঘোষণা এসেছে। কিন্তু ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার নির্দিষ্ট কোনো কার্যকর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি।

প্রযুক্তিগতভাবে কি ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব?

এই প্রশ্নের উত্তর নির্ভর করে কয়েকটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সমন্বয়ের ওপর। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো শুধু এর আকার বড় করা বা জ্বালানির ধারণক্ষমতা বাড়ানোর বিষয় নয়। এর জন্য প্রয়োজন একাধিক বৈজ্ঞানিক ও শিল্পগত সক্ষমতার সমন্বয়, যা বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রের নকশা ও উৎপাদন সম্ভব করে তোলে।

এসব সক্ষমতার মধ্যে রয়েছে—প্রপালশন বা চালিকাশক্তি প্রযুক্তি, উন্নত উপাদান ও কাঠামো, দিকনির্দেশনা ও নেভিগেশন ব্যবস্থা, তাপ নিয়ন্ত্রণ, ওয়ারহেডের নকশা এবং সামগ্রিক নির্ভরযোগ্যতা বৃদ্ধি।

গত কয়েক দশকে ইরান এসব শিল্প খাতের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে। কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, নির্ভুল দিকনির্দেশনা ব্যবস্থায় অগ্রগতি এবং নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণযান তৈরি—এসবকে ওই ক্ষেত্রগুলোতে অগ্রগতির সূচক হিসেবে বিবেচনা করা হয়।

এ ক্ষেত্রে ইরানের মহাকাশ কর্মসূচিও গুরুত্বপূর্ণ। স্যাটেলাইট উৎক্ষেপণযান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রকৌশলগত প্রযুক্তির মধ্যে কিছু মিল রয়েছে। বিশেষ করে চালিকাশক্তি এবং উন্নত কাঠামো তৈরির ক্ষেত্রে এ মিল দেখা যায়।

যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস ২০২৫ সালের ১৭ জুন প্রকাশিত এক প্রতিবেদনেও বিষয়টি তুলে ধরে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) মূল্যায়ন উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরান যদি এ ধরনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে স্যাটেলাইট উৎক্ষেপণযানের প্রযুক্তি ব্যবহার করে ২০৩৫ সালের মধ্যে সামরিক সক্ষমতাসম্পন্ন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে।

এই মূল্যায়নের অর্থ এই নয় যে, ইরানের হাতে বর্তমানে এমন কোনো ক্ষেপণাস্ত্র রয়েছে। বরং এটি ইঙ্গিত করে, যুক্তরাষ্ট্রের গবেষণা ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোও ইরানের মহাকাশ প্রযুক্তিকে দেশটির ভবিষ্যৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল্যায়নে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত