ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা প্রয়াত গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন ওয়াহিদ খোরাসানিকে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে ফিকহ ও উসুলে ফিকহ শিক্ষার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি।
প্রবীণ এই ধর্মীয় নেতার মৃত্যুতে দেওয়া শোকবার্তায় মোজতবা খামেনি বলেন, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি ছিলেন একজন মহান শিক্ষক। কয়েক দশক ধরে তাঁর নিয়মিত পাঠদান ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আয়োজনগুলোর অন্যতম ছিল।
মোজতবা খামেনি উল্লেখ করেন, তাঁর ক্লাসগুলোতে নিজস্ব গভীর গবেষণার পাশাপাশি নাজাফের ধর্মীয় শিক্ষাকেন্দ্রের বিশিষ্ট আলেমদের মতামত ও চিন্তাধারার ওপর তাঁর বিস্তৃত জ্ঞানের প্রতিফলন ঘটত।
তিনি আরও বলেন, প্রয়াত এই আলেমের সাবলীল, সুশৃঙ্খল ও দৃঢ় উপস্থাপনা প্রতিটি ক্লাসকে ধর্মীয় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী করে তুলেছিল।
শোকবার্তায় মোজতবা খামেনি বলেন, কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রসহ দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বর্তমান বহু শিক্ষক ও আলেম তাঁদের শিক্ষাজীবনের পরিচিতিতে গর্বের সঙ্গে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ক্লাসে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন।
প্রয়াত এই আলেমের বক্তব্য ও আচরণে আহলে বাইতের পবিত্র ব্যক্তিত্বদের প্রতি গভীর ও অকৃত্রিম ভালোবাসার বিষয়টিও তুলে ধরেন তিনি।
শোকবার্তায় বলা হয়, ‘শরিয়াহ ও ধর্মীয় চিন্তাধারার জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কারণে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির প্রতি মুমিন সমাজ ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর গভীর ঋণ রয়েছে। সবার উচিত তাঁর অবদান স্মরণ করা এবং কৃতজ্ঞ থাকা।’
মোজতবা খামেনি দ্বাদশ ইমাম, ইসলামি ধর্মীয় শিক্ষাকেন্দ্র, বৃহত্তর মুমিন সমাজ এবং বিশেষ করে প্রয়াত আলেমের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তাঁর মর্যাদা ও পরকালীন অবস্থান উন্নীত করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন ওয়াহিদ খোরাসানি মঙ্গলবার ১০৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি শিয়া মুসলিমদের একজন প্রভাবশালী মারজা আল-তাকলিদ (ধর্মীয় অনুসরণীয় কর্তৃপক্ষ) ছিলেন। কয়েক দশক ধরে কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা করেছেন তিনি। ইসলামি ফিকহ ও উসুলে ফিকহে বিশেষজ্ঞ হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি ছিল।