ইরাকে গৃহযুদ্ধের আশঙ্কা, মুখোমুখি সরকার ও মিলিশিয়া

ইরাকের বাবিল প্রদেশের উত্তরে অবস্থিত জুরফ আল-সাখার এলাকাকে ঘিরে দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। প্রায় ১২ বছর ধরে সরকারি নিরাপত্তা নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাটির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে নজিরবিহীন উদ্যোগ নিয়েছে ইরাক সরকার। ২০১৪ সালে ইসলামিক স্টেটের কাছ থেকে এলাকা পুনর্দখলের পর সেখানে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠী।

সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আল-জাইদি সেনাবাহিনীকে জুরফ আল-সাখারে প্রবেশের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কাতাইব হিজবুল্লাহর সদস্যদের এলাকা ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দাবি না মানলে নিরাপত্তা অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে ইরাকি সেনাবাহিনী, জাতীয় রক্ষীবাহিনী ও ফেডারেল পুলিশকে এলাকার আশপাশে মোতায়েন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আল-জাইদি ও ইরানপন্থী রাজনৈতিক দলগুলোর জোট সমন্বয় কাঠামোর নেতাদের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। সামরিক অভিযান চালানো হবে কি না এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেওয়া সময়সীমা নিয়ে নেতাদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।

জুরফ আল-সাখারের পূর্ণ নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী

ইরাকি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বয় কাঠামোর নেতাদের সঙ্গে বৈঠকে আল-জাইদি স্পষ্ট জানিয়েছেন, কোনো ছাড় ছাড়াই জুরফ আল-সাখারের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে ফিরিয়ে আনতে চান তিনি। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে আলোচনার সময়সীমা আগামী শুক্রবার, ২০ নভেম্বর সন্ধ্যায় শেষ হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলেও তিনি জানিয়েছেন।

রোববার সন্ধ্যায় নিরাপত্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে আল-জাইদি বলেন, নিরাপত্তা বাহিনী তেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িতদের মোকাবিলা করতে ব্যর্থ হলে জুরফ আল-সাখার পুনরুদ্ধারে ইরাকের জনগণকে একত্রিত করা হবে। তাঁর সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের ভিডিও প্রকাশ করা হয়েছে।

২০১৪ সালে ইসলামিক স্টেটের কাছ থেকে এলাকাটি পুনরুদ্ধারের পর থেকে জুরফ আল-সাখার শিয়া সশস্ত্র গোষ্ঠী ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সাম্প্রতিক বিরোধের সূত্রপাত হয় ওই এলাকায় ব্যাপক তেল পাচারের ভিডিও ও ছবি ফাঁস হওয়ার পর।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিদিন বিপুলসংখ্যক তেলবাহী ট্যাংকার ওই এলাকায় প্রবেশ ও বের হচ্ছে। পরে জানা যায়, এলাকার মধ্য দিয়ে যাওয়া একটি তেল পাইপলাইন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং সেখানে একটি তেল শোধনাগারও স্থাপন করা হয়েছে।

গত সপ্তাহে ছবি ও ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি এসব তথ্য সামনে আনে। ইরাকি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তদন্ত কমিটি জুরফ আল-সাখার এলাকায় অবৈধ তেল পাচারের কার্যক্রম চলার বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৪ সালের আগে এই এলাকায় জানাবি গোত্রের ৮০ হাজারের বেশি মানুষ বসবাস করতেন। ইরাকের অন্যতম সুন্নি গোত্র হিসেবে পরিচিত জানাবি সম্প্রদায়ের বসতি ছিল প্রায় ৬৫০ বর্গকিলোমিটার আয়তনের কৃষিপ্রধান এলাকাটিতে। বাগদাদ থেকে কারবালার সড়কপথের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই অঞ্চল শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কারবালার যাতায়াত পথের অংশ।

অঞ্চলটির বাসিন্দাদের বাস্তুচ্যুত করা হয়। এরপর পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা হাশদ আল-শাবি এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। গত ১২ বছরে বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে এই অঞ্চলকে মাদক চাষ ও পাচারের কেন্দ্র, অস্ত্রের গুদাম এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অস্ত্র সংরক্ষণ এলাকা হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে কারাগার, অস্ত্র কারখানা ও অন্যান্য স্থাপনা থাকার অভিযোগও রয়েছে।

সরকারি তদন্ত কমিটির সঙ্গে জুরফ আল-সাখারে প্রবেশ করা নিরাপত্তা বাহিনীর এক সদস্য দ্য মিডিয়া লাইনকে জানান, কমিটিকে নির্দিষ্ট কয়েকটি স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এলাকায় স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কমিটি একটি গ্রামীণ সড়ক দিয়ে এলাকায় প্রবেশ করে। সেখানে উপস্থিত ইরাকি হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। তারা তদন্ত কমিটিকে বিভিন্ন জায়গায় যেতে কিংবা কয়েকটি স্থানের ছবি তুলতে বাধা দেয়।

তিনি আরও জানান, এলাকায় প্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পুরো পথজুড়ে কমিটির সঙ্গে ছিলেন এবং কোথায় যেতে হবে, তা নির্ধারণ করে দিচ্ছিলেন। গণমাধ্যমে প্রকাশিত ফাঁস হওয়া তথ্যের সঙ্গে মিল থাকা স্থানে পৌঁছানোর পর সংঘর্ষ ঘটে। সেখানে মজুত তেল পেট্রোল নয়, অপরিশোধিত তেল ছিল বলে জানা যায়। পরে ওই স্থানের কাছাকাছি একটি তেল শোধনাগার আবিষ্কারের পর আবার সংঘর্ষ হয়।

তদন্তের ফলাফল পর্যালোচনা করে আল-জাইদি নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাসহ মোট ৯ জন কর্মকর্তাকে বরখাস্ত করেন। বরখাস্তদের মধ্যে তেল মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও রয়েছেন। তদন্তে উঠে আসা অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিচার বিভাগের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সম্পন্ন করতে নজরদারি সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল ও পেট্রোলিয়জাত পণ্য পরিবহনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তেল পাচারের অভিযোগ অস্বীকার কাতাইব হিজবুল্লাহর

জুরফ আল-সাখার থেকে তেল পাচারের অভিযোগ অস্বীকার করেছে কাতাইব হিজবুল্লাহ। তাদের দাবি, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে প্রধানমন্ত্রী এই ঘটনাকে ব্যবহার করে তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। তবে পাচারের সঙ্গে কারা জড়িত, তা এখনো তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ায় কারও দায় প্রমাণিত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা দ্য মিডিয়া লাইনকে জানিয়েছেন, এলাকাটিতে সব পক্ষের নজিরবিহীন সামরিক সমাবেশ চলছে। একদিকে ইরাকি সেনাবাহিনী, জাতীয় রক্ষীবাহিনী ও ফেডারেল পুলিশ; অন্যদিকে ইরাকি হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরা অবস্থান শক্তিশালী করছে।

মুসাইয়িব শহরের বাসিন্দা আমজাদ রাজ্জাক ও আলী গালিব, যারা বাস্তুচ্যুত হওয়ার আগে জুরফ আল-সাখারে বসবাস করতেন, জানান-তাদের পক্ষেও বড় ধরনের সামরিক সমাবেশ চলছে। একই সঙ্গে ইরাকি হিজবুল্লাহও সদস্যদের সংগঠিত করছে। মুসাইয়িব থেকে তাদের যোদ্ধাদের জুরফ আল-সাখারে ডেকে পাঠানো হয়েছে।

ইরাকি রাজনৈতিক বিশ্লেষক আলী আল-আলী দ্য মিডিয়া লাইনকে বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সমর্থনপুষ্ট ইরাকি হিজবুল্লাহ এবং ইরাক সরকারের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে। তাঁর মতে, এবার জুরফ আল-সাখার সংকট সমাধানে সরকার বেশ দৃঢ় অবস্থান নিয়েছে।

আল-আলী বলেন, জুরফ আল-সাখার বিপ্লবী গার্ড বাহিনী, কাতাইব হিজবুল্লাহ এবং আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইরাকের প্রায় মধ্যাঞ্চলে অবস্থিত এই এলাকাটির সীমান্ত একাধিক প্রদেশের সঙ্গে বিস্তৃত। এখান থেকে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান উৎক্ষেপণের ঘটনাও ঘটেছে। তাঁর দাবি, এটি ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর সবচেয়ে বড় অস্ত্রভান্ডার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আল-জাইদির পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে, এই এলাকা নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি বড় শক্তি ও প্রতিবেশী দেশগুলোর সমর্থন পেয়েছেন। জুরফ আল-সাখার পুনরুদ্ধার করা গেলে ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তির এক-তৃতীয়াংশেরও বেশি দুর্বল হয়ে পড়তে পারে।

আল-আলীর আশঙ্কা, হিজবুল্লাহ ও বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণ থেকে জুরফ আল-সাখার মুক্ত করার চেষ্টা বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত করতে পারে। সেই সংঘাত শুধু ওই এলাকায় সীমাবদ্ধ না থেকে ইরাকের অধিকাংশ অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

অস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নে আল-জাইদির বড় পরীক্ষা

ইরাকি রাজনীতিবিদ হামিদ আল-সাইয়েদ মনে করেন, জুরফ আল-সাখার সংকটই হবে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দুর্বল করা এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্র নির্মূলের বিষয়ে প্রধানমন্ত্রী আল-জাইদির আন্তরিকতার সবচেয়ে বড় পরীক্ষা।

দ্য মিডিয়া লাইনকে তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সরাসরি নিয়ন্ত্রণে আনতে আল-জাইদি ব্যর্থ হয়েছেন। বাধ্য হয়ে অস্ত্র জমা দেওয়ার সময়সীমা আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত পিছিয়ে দিতে হয়েছে। এরই মধ্যে ইরাকি হিজবুল্লাহ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

হামিদ আল-সাইয়েদের মতে, বর্তমান সংঘাতই প্রমাণ করবে প্রধানমন্ত্রী সত্যিই রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সমস্যা সমাধানে কতটা আন্তরিক।

তিনি বলেন, এই সংকট সমাধান করতে পারলে ইরাকের অন্যতম বড় সমস্যা বন্ধ হবে এবং প্রধানমন্ত্রী আল-জাইদির জন্য তা বড় রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে আরব দেশগুলো, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকেও তিনি প্রয়োজনীয় সমর্থন পাবেন।

এদিকে ইরাকি হিজবুল্লাহর ঘনিষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বদের দাবি, আত্মসমর্পণ তাদের রাজনৈতিক শব্দভান্ডারে নেই। দলটির সমর্থক ও সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো বলছে, নিজেদের অর্জন ও প্রভাব ধরে রাখতে এবং প্রতিরোধের অস্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ ঠেকাতে তারা রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত।

ইরাকি হিজবুল্লাহর গণমাধ্যমকর্মী আহমেদ সালমান দ্য মিডিয়া লাইনকে বলেন, তারা সরকারের পক্ষ থেকে যুদ্ধের আশঙ্কা করছেন না। তবে হিজবুল্লাহ ও আল-জাইদি সরকারের মধ্যে মধ্যস্থতায় অন্য পক্ষগুলো এগিয়ে আসতে পারে। তা সত্ত্বেও যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত।

সূত্র: দ্য জেরুসালেম পোস্ট