ইরাকের ধিকার প্রদেশে বিনিয়োগ বাড়াতে শিল্পনগরী ও বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্টেট ফোর্সেস অ্যালায়েন্সের প্রধান আম্মার আল-হাকিম। প্রদেশটির বিভিন্ন সমস্যা সমাধান এবং স্থানীয় মানুষের চাহিদা কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তাঁর দাবি, ধি কারে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে নেমেছে, যা উন্নয়নের একটি ইতিবাচক সূচক।
বুধবার প্রাদেশিক পরিষদের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আল-হাকিম। তিনি জানান, সরকার গঠনের পর সাম্প্রতিক সফরে এটি তাঁর ১২তম প্রদেশ পরিদর্শন। ধি কারের সেবাখাতের প্রয়োজনগুলো চিহ্নিত করতে এবং স্থানীয় মানুষের কল্যাণে কী করা প্রয়োজন, তা নির্ধারণ করতে আবারও প্রদেশটি সফরের পরিকল্পনা রয়েছে।
আল-হাকিম বলেন, ধি কার সভ্যতা, সংস্কৃতি, উদারতা, ত্যাগ ও আত্মদানের ঐতিহ্যে সমৃদ্ধ। স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ এবং পরবর্তী সময়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় প্রদেশটি বহু মানুষের আত্মত্যাগ দেখেছে। তাই ধি কারকে যথাযথ গুরুত্ব ও যত্ন দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, প্রদেশটির প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা, মানুষের চাহিদা পূরণ, আটকে থাকা প্রকল্পগুলো পুনরায় চালু ও সম্পন্ন করা এবং শহর, গ্রাম ও প্রত্যন্ত এলাকায় উন্নয়ন প্রকল্পের সুষম বণ্টন নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
ধি কারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে আছে। এর মধ্যে শিল্পনগরী অন্যতম। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রকল্পটির জন্য এখন পর্যন্ত শুধু জমি বরাদ্দ দেওয়া হয়েছে, কার্যক্রম শুরু হয়নি। আল-হাকিমের মতে, শিল্পনগরীর পরিচালনা প্রাদেশিক সরকারের হাতে তুলে দিলে এটি চালু করা সহজ হতে পারে। এতে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
ধি কারকে বিনিয়োগের উপযুক্ত গন্তব্য হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেন তিনি। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা গেলে বড় প্রকল্প বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় সেবার উন্নয়ন এবং ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থান দেখতে আসা পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো সম্ভব হবে।
প্রদেশটির বিমানবন্দর চালুর বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আল-হাকিম। তাঁর ভাষ্য, বিমানবন্দর বিনিয়োগ সম্প্রসারণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এ প্রকল্পের বাকি সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে নাসিরিয়া-দিওয়ানিয়া সড়কসহ বাইরের সড়কগুলোর উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি। এই সড়কে দুর্ঘটনায় ধি কারের বাসিন্দাদের প্রাণহানির ঘটনা ঘটেছে।
খাদ্য ও পানির নিরাপত্তা, জলাভূমির পরিস্থিতি এবং সেখানকার মানুষের সমস্যা সমাধান নিয়েও কথা বলেন আল-হাকিম। জলাভূমি পুনরুজ্জীবিত করতে নিরবচ্ছিন্ন ও টেকসই পানির সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, ইরাকের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এসব জলাভূমি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণও।
প্রদেশটির বিদ্যুৎ বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আল-হাকিম। তিনি বলেন, ধি কারের পরিবেশগত পরিস্থিতির তুলনায় বিদ্যুৎ বরাদ্দ যথাযথ নয়। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানির সুযোগ তৈরি করতে হবে।
দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ১৫ শতাংশে নেমে আসার তথ্য তুলে ধরে তিনি বলেন, সরকারি পরিসংখ্যানের এই পরিবর্তন উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার ইতিবাচক ফল নির্দেশ করে।
আল-হাকিম বলেন, ধি কারের মানুষের পাশে দাঁড়ানো, সমস্যাগুলো চিহ্নিত করা, সেগুলো বাগদাদে তুলে ধরা এবং ধাপে ধাপে সমাধানের জন্যই তাঁদের এই উদ্যোগ।
সূত্র: ইরাকি নিউজ এজেন্সি
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের
শত্রুপক্ষ আবারও ভুল করলে কঠোর জবাব দেবে ইরান: সেনাপ্রধান
রাসায়নিক অস্ত্রের অন্যতম বড় ভুক্তভোগী ইরান: ঘারিবাবাদি