ইরানের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতা ‘সময় নষ্ট’ ছাড়া কিছু নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারককে (এমওইউ) ‘সময় নষ্ট’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, ওই সমঝোতা করা ভুল ছিল না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে আরও ভালোভাবে চিনতে পেরেছে এবং দেশটির ওপর আস্থা রাখা যায় না—এমন ধারণা পেয়েছে।

বুধবার চীনের শেনজেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের মন্তব্যে সেই সমঝোতা নিয়ে তাঁর অসন্তোষ স্পষ্ট হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমাদের একটি সমঝোতা স্মারক ছিল। আমার মনে হয়, সেটি ছিল সময়ের অপচয়। আমি এটি করতে চাইনি, তবে অন্যদের কথা শুনেছিলাম। আমার সঙ্গে বেশ কয়েকজন ভালো মানুষ আছেন। এটি হয়তো কার্যকর হতে পারত। কিন্তু আমাদের একটি ছোট সমঝোতা স্মারক ছিল।’

সমঝোতা স্মারকের পরিবর্তে সরাসরি চুক্তি করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি সমঝোতা স্মারকের ওপর খুব বেশি বিশ্বাস করি না। স্মারকের পথে না গিয়ে সরাসরি চুক্তিতে যাওয়া উচিত।’

ট্রাম্পের ভাষ্য, ওই সমঝোতা প্রক্রিয়া কিছুটা সময়ক্ষেপণ করেছে। তবে এটিকে ভুল সিদ্ধান্ত মনে করেন না তিনি। কারণ, এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে ভালোভাবে জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে, দেশটিকে বিশ্বাস করা যায় না।

ইরানের সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ার কারণে ভ্যান্সকে আলোচনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নও ওঠে। ট্রাম্প তা অস্বীকার করেন। তিনি বলেন, ভ্যান্স ভালো কাজ করছেন। তবে ইরান যুদ্ধের বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গিতে কিছু পার্থক্য রয়েছে।

যুদ্ধ আবার শুরু করার সিদ্ধান্ত নিতে হলে কী করবেন—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি আবারও একই সিদ্ধান্ত নেবেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র যা করছে, তা সঠিক এবং দীর্ঘ মেয়াদে এর মূল্যায়ন ইতিবাচক হবে।

ট্রাম্প বলেন, আসন্ন নির্বাচনের বিষয়টি তাঁর বিবেচনায় থাকলেও তিনি নির্বাচনী হিসাবের ভিত্তিতে নীতি নির্ধারণ করবেন না।

এর আগে ইরান যুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে ভ্যান্স ভিন্ন অবস্থান তুলে ধরেছিলেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধের মূল্য ও এর রাজনৈতিক পরিণতি নিয়ে ভ্যান্সের বক্তব্য ট্রাম্পের অবস্থানের সঙ্গে মতপার্থক্য প্রকাশ করেছে।

গত ১৭ জুন ট্রাম্প ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতায় সই করেন। পরদিন হোয়াইট হাউস সমঝোতার নথি কংগ্রেসে পাঠায়। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওই নথির নাম ছিল ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক’।

রয়টার্সের দেখা নথি অনুযায়ী, এতে লেবাননসহ সব রণাঙ্গনে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছিল। পাশাপাশি ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহারের কথা ছিল।

অন্যদিকে, ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের বিনা মূল্যে নিরাপদ চলাচল নিশ্চিত করবে বলে সমঝোতায় উল্লেখ ছিল। চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুই দেশকে ৬০ দিনের মধ্যে আলোচনা করার কথা বলা হয়; পারস্পরিক সম্মতিতে এ সময় বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল। নথিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের স্বাক্ষরের পাশাপাশি মধ্যস্থতাকারী ও সাক্ষী হিসেবে পাকিস্তানের স্বাক্ষর ছিল।

তবে সমঝোতাটি বেশিদিন কার্যকর থাকেনি। জুলাইয়ে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের পর সমঝোতা ভেঙে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ইরানের সঙ্গে নতুন কোনো সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তাঁর অনাগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তির আর প্রয়োজন নেই; যুক্তরাষ্ট্রের হাতে ইরানের অর্থ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ রয়েছে।

অন্যদিকে, ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার কথা বললেও মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা সম্পদ ছাড়ের মতো শর্তে জোর দিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি এখনো অনিশ্চিত।

রয়টার্সের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের অবসান নিয়ে ওয়াশিংটন ও তেহরানের অবস্থানের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধের মাধ্যমে ইরানকে ছাড় দিতে বাধ্য করতে চাইছে। অন্যদিকে, ইরানও মার্কিন চাপের মুখে শর্ত মেনে নিতে রাজি নয়।

এ পরিস্থিতিতে নতুন করে যুদ্ধ শুরু হবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান আসবে—তা এখনো স্পষ্ট নয়।