ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলোর নিজেদের উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকানো এবং একটি স্বাধীন আঞ্চলিক নিরাপত্তাকাঠামো গড়ে তোলার বিষয়ে ওমানে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ওমান সফরের বিভিন্ন দিক তুলে ধরে আরাগচি বলেন, সফরে আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধ পুনরায় ছড়িয়ে পড়া ঠেকানোর প্রচেষ্টা, এ ক্ষেত্রে মাসকাটের কূটনৈতিক ভূমিকা এবং স্বাধীন আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমান সফর অত্যন্ত সফল হয়েছে। এ সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির সুলতানের সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে।
তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের প্রচলিত বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতিও আলোচনায় স্থান পেয়েছে।
আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং যুদ্ধ যাতে আবার ছড়িয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা—আমাদের আলোচনার অন্যতম বিষয় ছিল। এসব বিষয়ে ইরানের অবস্থানের সঙ্গে ওমানি বন্ধুদের মতামতের ঘনিষ্ঠ মিল রয়েছে।’
আঞ্চলিক পরিস্থিতিতে ওমানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, কূটনৈতিক উদ্যোগে প্রথম থেকেই দেশটি অংশ নিয়েছে। এ জন্য ইরান কৃতজ্ঞ।
আরাগচির ভাষায়, ‘ওমান আঞ্চলিক কূটনীতি ও সংঘাত নিরসনে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং এখনো তা অব্যাহত রেখেছে। আমরা মনে করি, এ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’
এ ছাড়া মধ্যপ্রাচ্যে নতুন ও স্বাধীন নিরাপত্তাকাঠামো প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে। পুরো অঞ্চলেই এখন এমন একটি উপলব্ধি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জোরালো হচ্ছে যে, বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
ওমান সফরে উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের কথাও উল্লেখ করেন আরাগচি। তিনি বলেন, মধ্য এশিয়ায় উজবেকিস্তানের অবস্থান, পারস্য উপসাগরীয় অঞ্চলে ওমানের অবস্থান এবং এ দুই অঞ্চলের সংযোগপথে ইরানের ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে পরিবহন ও যোগাযোগসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিস্তারিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে অগ্রগতি আনতে পরামর্শ ও পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তাঁরা একমত হয়েছেন।
রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত দেশ, দুই দিনে নিহত ৪
শপিং-এ যাওয়ার আগে জেনে নিন বৃহস্পতিবার বন্ধ যেসব মার্কেট
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত