ইসরায়েলের উত্তরাঞ্চলে ফিলিস্তিনি নাগরিকদের বসবাসের গ্রাম আল-দাহিতে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশটির কয়েকজন রাজনীতিক এ হামলার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিবিরের উসকানিকে দায়ী করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে আফুলা শহরের কাছে অবস্থিত গ্রামটির মসজিদে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগানও লেখা হয়। কাছাকাছি কয়েকটি ভবনের দেয়ালে ‘প্রতিশোধ’ শব্দটি লেখা দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-দাহি গ্রামের একটি মসজিদের নিচতলার একটি কক্ষে অগ্নিসংযোগ এবং পাশের সড়কে গ্রাফিতি লেখার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ধর্মীয় প্রতীক ও উপাসনালয়ের ওপর যেকোনো হামলাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অভিযুক্তদের বিচারের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মসজিদের ইমাম খালেদ আল-জুবি জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করতে এসে তিনি ধোঁয়া ও আগুন দেখতে পান। মসজিদটি দোতলা হওয়ায় আগুন নিচতলার অংশে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘পাহাড়ের জঙ্গল থেকে মুখোশ পরা তিন ব্যক্তি আসে। তারা মসজিদের ভেতরে, অর্থাৎ প্রথম তলায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু সেখানে লোহার ফটক থাকায় ঢুকতে পারেনি।’
ইমাম আরও জানান, হামলাকারীরা পরে নিচতলায় গিয়ে মসজিদের জানালা ভেঙে ভেতরে একটি দাহ্য পদার্থভর্তি বোতল নিক্ষেপ করে। এতে নিচের অংশে আগুন ধরে যায়।
এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল রহমান শাদিদ বলেছেন, বৃহস্পতিবার ভোরে হামলাকারীরা মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি এর দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখেছে।
ঘটনাটির আগে বুধবার গভীর রাতে ফিলিস্তিনি নাগরিকদের বসবাস রয়েছে এমন আরেকটি শহরে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরপর এসব ঘটনায় স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, মসজিদের নিচতলার কক্ষে আগুন দেওয়ার পাশাপাশি পাশের সড়কে গ্রাফিতি লেখার ঘটনাটিও তদন্তের আওতায় রয়েছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।