শত্রুসেনা ও অস্ত্রের সংখ্যা-অবস্থান সম্পর্কে ইরানের কাছে পূর্ণ তথ্য রয়েছে: আইআরজিসি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন শত্রুসেনা, তাদের যুদ্ধবিমান, অস্ত্রের সংখ্যা, অবস্থান ও সম্ভাব্য সামরিক পরিকল্পনা সম্পর্কে ইরানের কাছে পূর্ণাঙ্গ তথ্য রয়েছে। শত্রুপক্ষের প্রতিটি গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাসিজি শিক্ষার্থীদের সঙ্গে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহেব্বি বলেন, রাজনৈতিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই শত্রুপক্ষ পরাজয়ের মুখে পড়েছে। তবে নিজেদের অবস্থান থেকে কোনো অর্জন নিশ্চিত করতে তারা নতুন করে সামরিক পদক্ষেপ নিতে পারে। তাই ইরান কোনো সম্ভাব্য হুমকিকেই অবহেলা করছে না।

তিনি বলেন, ‘সামরিক ক্ষেত্রে আমরা প্রতিটি সম্ভাবনাকে শতভাগ হুমকি হিসেবে বিবেচনা করি। সে অনুযায়ী শত্রুর বিরুদ্ধে আমাদের প্রস্তুতিও শতভাগ।’

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, মধ্যপ্রাচ্যে শত্রুপক্ষের কতসংখ্যক সেনা রয়েছে, কতটি ও কী ধরনের যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, তাদের অস্ত্রের সংখ্যা ও অবস্থান কোথায়—এসব তথ্য ইরানের নজরদারিতে রয়েছে। এমনকি এসব সামরিক সরঞ্জাম দিয়ে কী ধরনের অভিযান পরিচালনা করা হতে পারে এবং শত্রুপক্ষের সম্ভাব্য অপারেশনাল পরিকল্পনা কী, সে সম্পর্কেও ইরান অবগত।

ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অত্যন্ত সক্রিয় উল্লেখ করে মোহেব্বি বলেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য অন্য কোনো দেশ থেকে সরঞ্জাম আমদানির প্রয়োজন ইরানের নেই।

যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি বলেন, যুদ্ধের অবসান নির্ভর করছে একাধিক শর্তের ওপর। আর যুদ্ধক্ষেত্রে যারা সরাসরি অবস্থান করছেন, পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে তারাই সবচেয়ে ভালো বিচার করতে পারবেন।

সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত