আমরা আমাদের ভূমিতেই অবিচল থাকব’: ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড অধিকৃত পশ্চিম তীরেও পুনরাবৃত্তি হতে পারে বলে সতর্ক করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীবিষয়ক মন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন। এর প্রভাব পুরো অঞ্চল ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

নেপলসে বক্তব্য দেওয়ার সময় শাহিন বলেন, ফিলিস্তিনিদের কর রাজস্ব আটকে রাখায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন তাদের মোট রাজস্বের মাত্র ২০ শতাংশ দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, ‘আমরা কোথাও যাচ্ছি না। আমরা আমাদের ভূমিতেই অবিচল থাকব।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃতি দেওয়া এবং দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান শাহিন। একই সঙ্গে তিনি বিশ্বসম্প্রদায়কে ‘অস্বাভাবিককে স্বাভাবিক হিসেবে মেনে না নেওয়ার’ আহ্বান জানান।