ইরানের রাষ্ট্রীয় টিভির নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতার লড়াই

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) নতুন প্রধান কে হবেন, তা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংস্থাটির নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত এখন শুধু একজন কর্মকর্তার নিয়োগের বিষয় নয়; বরং ইরানের ক্ষমতাকাঠামোয় কট্টরপন্থি গোষ্ঠীগুলোর প্রভাব বজায় থাকবে, নাকি তা কমবে—সেই প্রশ্নেরও পরীক্ষা হয়ে উঠেছে।

আইআরআইবির বর্তমান প্রধান পেইমান জেবেলির পাঁচ বছরের মেয়াদ শুরু হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। গত ২৯ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হয়েছে। দর্শকসংখ্যা কমে যাওয়া, রাজনৈতিক ভারসাম্যহীনতা এবং সম্প্রচারমাধ্যমটির ওপর কট্টরপন্থি পায়দারি ফ্রন্ট-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাব বিস্তারের অভিযোগে তার মেয়াদ সমালোচিত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পরবর্তী প্রধান নিয়োগ দিতে হবে। এ নিয়োগের মধ্য দিয়ে বোঝা যেতে পারে, নেতৃত্ব সাঈদ জালিলির সঙ্গে সংশ্লিষ্ট কট্টরপন্থি গোষ্ঠীর প্রভাব কমাতে চায়, নাকি আইআরআইবির ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে আগ্রহী।

জালিলি ‘ছায়া সরকার’ ধারণার প্রবক্তা এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য। তার ভাই ওয়াহিদ জালিলি আইআরআইবির উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংস্থাটির বেশির ভাগ কনটেন্ট তদারক করেন।

২০২১ সালের পর সম্প্রচারমাধ্যমটির বিভিন্ন চ্যানেলে জালিলির কট্টরপন্থি বলয়ের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ইরানের রাজনৈতিক এজেন্ডা নির্ধারণ, শীর্ষ নেতৃত্বের বার্তা প্রচার এবং সংকট মোকাবিলায় আইআরআইবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোচ্চ নেতার দপ্তর জনসাধারণের কাছে নিজেদের বক্তব্য পৌঁছানোর জন্যও এ প্রতিষ্ঠানকে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে।

এ ছাড়া সংস্থাটির নেতৃত্বের হাতে রয়েছে বিপুল নিয়োগক্ষমতা। ব্যবস্থাপনা, সম্পাদকীয় ও অনুষ্ঠান নির্মাণসহ বিভিন্ন বিভাগে হাজার হাজার পদে নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি বড় প্রভাববলয় তৈরি করেছে।

মন্ত্রিসভার সদস্য বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নির্বাহীদের মতো আইআরআইবির প্রধানকে সংসদ, সরকার কিংবা সংস্থাটির তত্ত্বাবধায়ক পরিষদ নিয়োগ দেয় না।

ইরানের সংবিধানের ১৭৫ অনুচ্ছেদ অনুযায়ী, আইআরআইবির প্রধান সরাসরি সর্বোচ্চ নেতা নিয়োগ করেন।

ছয় সদস্যের তত্ত্বাবধায়ক পরিষদ সংস্থাটির কার্যক্রম পর্যবেক্ষণ করে। নির্বাহী, আইন ও বিচার বিভাগ থেকে এ পরিষদের সদস্যরা মনোনীত হন। তবে তারা সংস্থাটির প্রধান নির্বাহী নির্বাচন করেন না এবং দৈনন্দিন ব্যবস্থাপনায় তাদের প্রভাবও সাধারণত সীমিত।

বাস্তবে নিয়োগের আগে রাজনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়। সর্বোচ্চ নেতার দপ্তর সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী গণমাধ্যমে খবর প্রকাশ এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে তৎপরতা চালায়।

শেষ পর্যন্ত সর্বোচ্চ নেতা নতুন প্রধান নিয়োগ অথবা বর্তমান প্রধানের মেয়াদ বাড়ানোর বিষয়ে ডিক্রি জারি করেন।

২০২৫-২৬ সালের বিভিন্ন সংকটের পর ইরানের রাজনৈতিক ক্ষমতাকাঠামোয় যে পুনর্বিন্যাস হয়েছে, তাতে আইআরআইবির নেতৃত্ব নির্বাচন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত অক্টোবরের মাঝামাঝি ‘জোমহুরি-ই ইসলামি’ পত্রিকা অনানুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে জানায়, জেবেলিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কয়েকজন সম্ভাব্য উত্তরসূরির নাম বিবেচনায় রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

এ বিলম্বের একটি সম্ভাব্য কারণ হতে পারে রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে মতবিরোধ। জেবেলিকে পুনর্নিয়োগ দিলে তার মেয়াদের সমালোচনাকারী প্রভাবশালী মহল অসন্তুষ্ট হতে পারে। অন্যদিকে তাকে সরিয়ে দিলে জালিলির সমর্থকদের বিরোধিতার মুখে পড়তে পারে নেতৃত্ব।

মোজতবা খামেনির অধীনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সর্বোচ্চ নেতা হওয়ার আট মাসের বেশি সময় পার হলেও তিনি জনসমক্ষে উপস্থিত হননি। তার কোনো প্রামাণ্য অডিও বা ভিডিও রেকর্ডিংও প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতি নিয়োগের সিদ্ধান্ত বিলম্বিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে কি না, তা স্পষ্ট নয়।

আলী খামেনির শাসনামলেও গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে কখনো কখনো দীর্ঘসূত্রতা দেখা গেছে। তবে সাম্প্রতিক কয়েকটি নিয়োগের সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য লক্ষণীয়। গত জুনে বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেইর মেয়াদ শেষ হওয়ার মাত্র তিন দিন পরই মোজতবা খামেনি তাকে পুনর্নিয়োগ দেন।

একই ধরনের অনিশ্চয়তা আট মাসের বেশি সময় ধরে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়েও বিরাজ করছে। সাবেক গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিবের মৃত্যুর পর থেকে মন্ত্রণালয়টির নেতৃত্ব নিয়ে পরিস্থিতি পরিষ্কার হয়নি।

ফলে আইআরআইবির নেতৃত্ব নিয়ে দীর্ঘ নীরবতা নতুন সর্বোচ্চ নেতার কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পরস্পরবিরোধী দাবিগুলো তিনি কীভাবে সামাল দেন, সেটিও এ নিয়োগের মধ্য দিয়ে স্পষ্ট হতে পারে।

জেবেলির নেতৃত্বে আইআরআইবি আলোচনার বিরোধিতাকারী কট্টরপন্থিদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে সন্দিহান কট্টরপন্থি গোষ্ঠীগুলো ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দুর্বল করতে সম্প্রচারমাধ্যমটিকে ব্যবহার করেছে।

তাই নতুন প্রধান নিয়োগের মধ্য দিয়ে যুদ্ধ-পরবর্তী সময়ে সংঘাতের পক্ষে থাকা এবং কূটনীতির সমর্থকদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে নতুন নেতৃত্বের অবস্থানও এ সিদ্ধান্তের মাধ্যমে কিছুটা স্পষ্ট হতে পারে।

দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের সঙ্গে আইআরআইবির টানাপোড়েনও নিয়োগের গুরুত্ব বাড়িয়েছে।

পেজেশকিয়ানসহ সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রকাশ্যে আইআরআইবির সংবাদ ও অনুষ্ঠান প্রচারের বিভিন্ন দিকের সমালোচনা করেছেন। সমালোচকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ক্রমেই জাতীয় সম্প্রচারমাধ্যমের পরিবর্তে নির্দিষ্ট আদর্শিক গোষ্ঠীর প্রচারের প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।

ইরানের কয়েকটি গণমাধ্যম সম্ভাব্য উত্তরসূরিদের নাম প্রকাশ করলেও এসব আলোচনা এখনো অনুমাননির্ভর। মোজতবা খামেনির দৃষ্টিভঙ্গি সম্পর্কে পর্যবেক্ষকদের স্পষ্ট ধারণা না থাকায় নিয়োগ নিয়ে পূর্বাভাস দেওয়া কঠিন।

আইআরআইবির ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে মোটামুটি তিনটি সম্ভাব্য পরিস্থিতি সামনে আসতে পারে।

প্রথমত, জেবেলির মেয়াদ বাড়ানো হতে পারে। এতে বোঝা যাবে, সমালোচনা সত্ত্বেও বর্তমান সম্প্রচারনীতির প্রতি নেতৃত্বের মোটামুটি আস্থা রয়েছে।

দ্বিতীয়ত, জালিলির বলয়ের কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। আইআরআইবির বর্তমান জ্যেষ্ঠ নেতৃত্বের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হলে ২০২১ সালের পর শুরু হওয়া আদর্শিক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত পাওয়া যাবে।

তৃতীয়ত, সমঝোতার ভিত্তিতে তুলনামূলক প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। আইআরআইবির সাবেক উপপ্রধান আলী দারাবির মতো বাস্তববাদী রক্ষণশীল কাউকে অথবা অভিজ্ঞ কোনো প্রশাসককে দায়িত্ব দেওয়া হলে সম্প্রচারমাধ্যমটির গ্রহণযোগ্যতা বাড়ানো, রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা কমানো এবং দর্শকসংখ্যা হ্রাসের সমস্যা মোকাবিলার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

এ ধরনের নিয়োগকে সরাসরি উদারীকরণ বলা যাবে না। তবে এটি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনায় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

সবশেষে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, কোন ব্যক্তি নিয়োগ পেলেন তা নয়; বরং কোন রাজনৈতিক ধারার প্রভাব প্রতিষ্ঠিত হলো। আইআরআইবির নেতৃত্ব নির্বাচন এখন ইরানের সবচেয়ে প্রভাবশালী অভ্যন্তরীণ গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে।

এ ক্ষেত্রে নতুন প্রধানের পাশাপাশি তার অধীনে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা নিয়োগ পান, সেটিও বিশেষভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভাগের উপপ্রধান, গুরুত্বপূর্ণ চ্যানেল ওয়ান ও থ্রির প্রধান এবং সংবাদ নেটওয়ার্ক আইআরআইএনএনের নেতৃত্বে কারা আসছেন, তা আইআরআইবির ভবিষ্যৎ সম্পাদকীয় অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারে।

অতীতেও দেখা গেছে, আইআরআইবির প্রধান নির্বাহী নিয়োগের চেয়ে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ উপপদগুলোতে নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কৌশলগত দিকনির্দেশনা অনেক সময় বেশি পরিষ্কার হয়েছে।