যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে সৌরবিদ্যুৎকে নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে গড়ে তুলছে ইরান। দেশটির বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় জাতীয় বিদ্যুৎ নেটওয়ার্কের প্রায় দুই হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। একপর্যায়ে প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎ খাতের কর্মীদের দ্রুত মেরামত কার্যক্রমে দুই দিনের মধ্যেই অনেক স্থাপনা পুনরায় চালু করা সম্ভব হয়।
ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে বারবার হামলার হুমকির পর দেশটি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে আরও বিকেন্দ্রীকরণ এবং ছোট ছোট উৎপাদনকেন্দ্রে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে ইরান সৌরশক্তি উৎপাদনের জন্য যথেষ্ট সম্ভাবনাময়। দেশটির প্রায় ৯০ শতাংশ এলাকায় বছরে ৩০০ দিন সৌরবিদ্যুৎ উৎপাদনের উপযোগী সূর্যালোক পাওয়া যায়।
২০২৬ সালের ৮ মার্চ একটি হামলায় গ্রামীণ এলাকায় ছোট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরঞ্জাম রাখা গুদাম ধ্বংস হয়। এতে সুবিধাবঞ্চিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত সৌরবিদ্যুৎ প্রকল্পের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় বছরে প্রায় ৩৭ হাজার টন অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের আশঙ্কাও তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদি জানিয়েছেন, দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা শত শত স্থানে ছড়িয়ে রয়েছে। আগের যুদ্ধ এবং সাম্প্রতিক হামলায় বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থায় আঘাত এলেও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। কেশম, আসালুয়েহ ও হেঙ্গাম দ্বীপের বিদ্যুৎ স্থাপনাগুলো হামলার শিকার হলেও সেগুলোর সমস্যা দ্রুত সমাধান করা হয়েছে বলে তিনি দাবি করেন।
দেশটির সংসদীয় জ্বালানি কমিটির সদস্য রেজা সেপেহভান্দও বিদ্যুৎ ব্যবস্থার বৈচিত্র্যকে সংকট মোকাবিলার বড় শক্তি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ু ও সৌরবিদ্যুৎ কেন্দ্রের সমন্বয় এবং জাতীয় গ্রিডের সংযোগ থাকায় এক অঞ্চলের বিদ্যুৎ অন্য অঞ্চলে সরবরাহ করা সম্ভব হচ্ছে।
ইরানে সৌরবিদ্যুৎ উৎপাদনও দ্রুত বাড়ছে। ২০২৪ সালের প্রথম চার মাসে সৌরবিদ্যুৎ উৎপাদন ছিল ৩৫৭ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা। ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে ৬১০ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টায় পৌঁছায়। অর্থাৎ প্রায় ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত দেশটির মাঝারি ও বড় সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ৫ হাজার ৪৩ মেগাওয়াটে পৌঁছেছে। বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা আরও ৫৩৮ মেগাওয়াট। ২০২৮ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে ইরানের। দীর্ঘমেয়াদে ২০৩১ সালের মধ্যে এই সক্ষমতা ৩০ হাজার মেগাওয়াটে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির নবায়নযোগ্য জ্বালানি সংস্থা।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে এবার সাধারণ পরিবারগুলোকেও যুক্ত করছে ইরান। দেশটির জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে ৫১ হাজার পরিবারকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার আওতায় আনা হয়েছে। আরও ছয় লাখ পরিবারকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা প্রায় পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যও রয়েছে।
ইরানের নীতিনির্ধারকদের মতে, সৌরবিদ্যুৎ শুধু পরিবেশবান্ধব জ্বালানি নয়, বরং যুদ্ধের সময় বিদ্যুৎ সরবরাহ সচল রাখার একটি নিরাপত্তাব্যবস্থা। বড় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও ছোট ও ছড়িয়ে থাকা সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো চালু থাকলে হাসপাতাল, বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা সম্ভব।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সামরিক হামলার ঝুঁকির মধ্যে ইরান এখন বিদ্যুৎ ব্যবস্থাকে আরও বিকেন্দ্রীকরণ করে এক ধরনের বিকল্প প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে চাইছে। সৌরবিদ্যুতের পাশাপাশি ভবিষ্যতে বায়ুশক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে দেশটির। অর্থাৎ বিদ্যুৎ অবকাঠামোতে হামলার ঝুঁকি মোকাবিলায় জ্বালানি নিরাপত্তাকে নতুন কৌশলগত গুরুত্ব দিচ্ছে তেহরান।