ইরানের বিরুদ্ধে অপরাধে জড়িত ব্যক্তিরা বিশ্বের কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।
শুক্রবার তেহরানে ‘পাইওনিয়ার্স অব লিবারেশন’ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে এমন এক যুদ্ধ হিসেবে বর্ণনা করেন, যার পরিণতি আগ্রাসীদের প্রত্যাশার বিপরীত হয়েছে বলে দাবি তাঁর।
ওয়াহিদি বলেন, ‘ইরানে যারা অপরাধ করেছে, সেই খুনি ও অপরাধীদের জন্য বিশ্ব আর নিরাপদ আশ্রয়স্থল থাকবে না।’
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং আগ্রাসনের প্রথম দিন মিনাব শহরে স্কুলশিশুদের হত্যাকাণ্ডসহ যুক্তরাষ্ট্র-ইসরায়েলি জোটের বিভিন্ন অপরাধের কথা উল্লেখ করে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘তাদের সংঘটিত অপরাধের জন্য ভয়ে কাঁপতে হবে, কারণ প্রতিশোধ নেওয়া আমাদের অধিকার।’
যুদ্ধের অগ্রগতি সম্পর্কে আইআরজিসি প্রধান বলেন, ‘আমরা যুদ্ধের একটি বড় অংশ অতিক্রম করেছি, তবে সামনে আরও বড় অংশ বাকি রয়েছে।’ এখন পর্যন্ত ইরানের অর্জন প্রতিপক্ষ শিবিরে পরাজয়ের অনুভূতি, হতাশা, নিরাশা, বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরি করেছে বলেও দাবি করেন তিনি।
ওয়াহিদির দাবি, প্রতিপক্ষ শুরুতে ঔদ্ধত্যের সঙ্গে যুদ্ধ শুরু করেছিল। তাদের ধারণা ছিল, কয়েক দিনের মধ্যেই ইরানকে পরাস্ত করা সম্ভব হবে। এমনকি পারস্য উপসাগরীয় দেশগুলোকে তারা ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল।
তিনি বলেন, পরে প্রতিপক্ষের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল, দুই সপ্তাহের মধ্যে ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু তাদের সেই প্রত্যাশাও পূরণ হয়নি।
আইআরজিসি প্রধান বলেন, ‘তারা ইসলামী প্রজাতন্ত্রের পরিবর্তন ঘটাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই পরিবর্তিত হয়েছে।’
যুদ্ধের পরিণতি নিয়ে বুদ্ধিজীবী ও গণমাধ্যমকর্মীদের মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।
ইরানের বিরুদ্ধে বিপুল সামরিক সরঞ্জাম মোতায়েনের কথাও উল্লেখ করেন ওয়াহিদি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষ প্রচুর গোলাবারুদ, যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরি ব্যবহার করেছে।
তিনি বলেন, ‘শত্রুপক্ষ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। তাদের ইউরোপীয় দেশ, আঞ্চলিক রাষ্ট্র এবং অন্যান্য মিত্রের সহায়তা চাইতে হয়েছে।’
ওয়াহিদির দাবি, অন্যদের কাছে সহায়তা চাওয়ার ঘটনা প্রমাণ করে যে প্রতিপক্ষ এককভাবে ইরানের মোকাবিলা করতে পারেনি।
পারস্য উপসাগরের বাইরেও নৌ-সক্ষমতা বিস্তারের দাবি
আইআরজিসি প্রধান বলেন, ইরানের সামরিক সক্ষমতা শুধু পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক জলসীমায় দেশটির নৌবাহিনীর কার্যক্রমের পরিসর ৫০০ কিলোমিটার এবং তারও বেশি দূরত্বে বিস্তৃত হয়েছে বলে দাবি করেন তিনি।
ওয়াহিদি বলেন, ‘ইরান থেকে ৫০০ থেকে ৬০০ কিলোমিটারের মধ্যে আসতে বিদেশি বাহিনীর অনীহার কারণ আমাদের নৌ ইউনিটগুলোর সক্ষমতা ও প্রতিরোধক্ষমতা।’
ইরানের দ্বীপ ও উপকূলীয় এলাকা দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। একইভাবে দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলে পরিকল্পিত অভিযানও স্থানীয় জনগোষ্ঠী ও সামরিক বাহিনীর প্রস্তুতির কারণে বাস্তবায়িত হয়নি বলে জানান তিনি।
ওয়াহিদি বলেন, ইরানের শত্রুদের বুঝতে হবে, পরাজয় স্বীকার করা ছাড়া তাদের আর কোনো পথ নেই। অঞ্চলটি ছেড়ে চলে যাওয়া ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প অবশিষ্ট নেই।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদ সর্বোচ্চ নেতা, মিনাবের শহীদ এবং ইরানের সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া না হওয়া পর্যন্ত ইরানি জাতি প্রতিপক্ষকে অনুসরণ করবে।
শত্রুপক্ষ বড় ধরনের ভুল করেছে উল্লেখ করে ওয়াহিদি বলেন, এসব ভুলের ফলে ইরানি জনগণের মধ্যে যে জাগরণ ও প্রতিরোধের চেতনা তৈরি হয়েছে, তা বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে।
সম্মেলনের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াহিদি। এ সময় ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই হামলা চালানোর বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়।
জবাবে তিনি বলেন, প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনা হবে কি না এবং কী ধরনের সক্ষমতা প্রয়োজন, সে বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র নিজেই সিদ্ধান্ত নেবে।
তিনি জোর দিয়ে বলেন, ‘শত্রুর কর্মকাণ্ড আমাদের প্রতিরক্ষা নীতিগুলো পর্যালোচনা ও পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।’
ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার
ডিম পাড়তে মহাসাগরে ছুটছে ১০ কোটি লাল কাঁকড়া
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল
দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু