যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্বে মাঝখানে পড়ে বিপাকে ইরাকের যে শহর

ইরাকের কুর্দি অঞ্চলের ৩০ বছর বয়সী বারান (ছদ্মনাম) একজন ব্যবসায়ী। ইরাক থেকে ডিজেল কিনে আফগানিস্তানে বিক্রি করেন তিনি। ঝুঁকিপূর্ণ হলেও ইরাকের কুর্দি অঞ্চলের মতো জায়গায় এ ব্যবসায় ভালো মুনাফা হয়। ইরাকে ২০ হাজার ডলারের ডিজেলবোঝাই একটি ট্রাক কাবুলে প্রায় ২৪ হাজার ডলারে বিক্রি করা যায়। খরচ বাদ দিয়ে ব্যবসায়ীর হাতে থাকে প্রায় ২ হাজার ডলার। তবে পণ্য নিয়ে তাঁকে আগে ইরান অতিক্রম করতে হয়।

মিডল ইস্ট আইকে বারান বলেন, ‘এখন যাত্রাটা অনেক বেশি বিপজ্জনক। চালক পাওয়া কঠিন হয়ে গেছে। সীমান্তও আগের মতো নির্ভরযোগ্য নয়। ডিজেলের দামও অনেক বেড়েছে।’ নিজের পরিচয় গোপন রাখতে বারানের নাম পরিবর্তন করা হয়েছে।

ইরানের ওপর নতুন করে হামলা না চালিয়ে দেশটির অর্থনীতিকে চাপে ফেলে দুর্বল করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌ অবরোধের পাশাপাশি তুরস্ক, ইরাক ও পাকিস্তানের মতো দেশগুলোর ওপর ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করার চাপ দিচ্ছে ওয়াশিংটন। চলতি মাসের শুরুতে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য অবরোধের জন্য একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতি বারানের কোনো রাজনৈতিক ক্ষোভ নেই। বরং তিনি বলেন, ‘জর্জ ডব্লিউ বুশ সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করেছিলেন। তিনি কুর্দিস্তানকে সহায়তা করেছেন। আমি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানকে বেশি পছন্দ করি না।’

সুলাইমানিয়ার একটি রেস্তোরাঁয় হুক্কা ও মৌরির স্বাদযুক্ত আরাক পান করতে করতে তিনি এসব কথা বলেন। তবে তাঁর আক্ষেপ, ‘এই যুদ্ধ ব্যবসা কিংবা আমাদের অর্থনীতির জন্য ভালো হয়নি।’ বারানের অভিজ্ঞতা আসলে তাঁর নিজের শহরের সামগ্রিক পরিস্থিতিরই প্রতিচ্ছবি।

সুলাইমানিয়া: প্রাণবন্ত বাজারের আড়ালে অর্থনৈতিক সংকট

জাগরোস পর্বতমালার কোলে অবস্থিত সুলাইমানিয়া ইরাকের কুর্দিস্তান অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটির প্রাণকেন্দ্র বিশাল এক বাজার। স্থানীয়দের দাবি, ক্রেতা যে পণ্যই চান, এখানে তা পাওয়া সম্ভব। নভেম্বর মাস ডালিমের মৌসুম হওয়ায় বাজারে ফলটির প্রচুর সরবরাহ রয়েছে। পাশাপাশি বিভিন্ন পণ্যের মোড়কে ‘মেড ইন ইরান’ লেখা চোখে পড়ে।

প্রতিদ্বন্দ্বী শহর ইরবিলের তুলনায় সুলাইমানিয়া নিজেকে বেশি উদার ও মুক্তমনা হিসেবে তুলে ধরে। বাজারে হিজাব ছাড়া চলাফেরা করা নারীর সংখ্যাও হিজাব পরা নারীদের তুলনায় বেশি।

বারান বলেন, ‘কারও পকেটে ৫০ ডলার থাকলে সে এখানেই বাইরে ঘুরতে বা খরচ করতে চাইবে।’

বাজারের ব্যবসায়ীরা পেস্তা গাছের বীজ দিয়ে তৈরি শহরের বিখ্যাত তসবিহ হাতে ঘোরান। চায়ের দোকানের কর্মীরা ক্রেতাদের চা পরিবেশন করতে ব্যস্ত থাকেন।

বাজারের প্রাণচাঞ্চল্য দেখে সমৃদ্ধির ধারণা তৈরি হলেও বাস্তবতা ভিন্ন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

২৮ বছর বয়সী ক্রেতা ইভিন (ছদ্মনাম) মিডল ইস্ট আইকে বলেন, ‘এখন বেশির ভাগ মানুষের জন্য খাবারের দাম অসহনীয়। কিছু পণ্যের দাম ২০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। আমরা আগে ইরান থেকে প্রচুর পণ্য আমদানি করতাম। কিন্তু এখন তারা রপ্তানি করছে না।’

আরেক তরুণ পেশাজীবী জানান, যুদ্ধ শুরুর পর একটি নতুন ল্যাপটপের দাম ৬০০ ডলার থেকে বেড়ে ৮০০ ডলার হওয়ায় তাঁকে কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিতে হয়েছে।

কর ও পরিবহনব্যবস্থার কারণে চীনের সঙ্গে সুলাইমানিয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক বাণিজ্যপথটি ইরানের মধ্য দিয়ে গেছে। এ অঞ্চলে বেশ কয়েকটি সীমান্ত বন্দর রয়েছে, যেগুলো ইরাকের বসরা বন্দরের তুলনায় বেশি সুবিধাজনক। বসরা এখান থেকে অনেক দূরে। তুরস্কের পথও তুলনামূলক ব্যয়বহুল। তুরস্ক থেকে আসা পণ্যের ওপর দেশটি ও ইরবিলের অতিরিক্ত কর আরোপের বিষয়টিও রয়েছে।

ইরবিলভিত্তিক কুর্দি গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডলাওয়ার আলাউদ্দিন মিডল ইস্ট আইকে বলেন, ‘ইরাকি কুর্দিস্তানের স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ ইরানের সঙ্গে বাণিজ্যের ওপর নির্ভরশীল।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পুরো অঞ্চলে পড়ছে। এ বছর পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর অর্থনীতি সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটন ও ব্যবসার কেন্দ্র হিসেবে তাদের যে ভাবমূর্তি, সেটিও হুমকির মুখে পড়েছে। চলতি মাসেই সৌদি আরবের রিয়াদে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কার্যালয় থাকা একটি টাওয়ার হুতিদের হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের পরিস্থিতি কিছুটা আলাদা।

‘অল্প ব্যবধানের ওপর টিকে আছে অর্থনীতি’

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলটি দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনে জর্জরিত। বিশ্লেষকদের মতে, এ বিভক্তি বাইরের শক্তিগুলোর—বিশেষ করে তুরস্ক ও ইরানের—প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো বিপুল আর্থিক সামর্থ্যও এ অঞ্চলের নেই, যা দিয়ে ভূরাজনৈতিক সংকটের ধাক্কা সামাল দেওয়া সম্ভব।

কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) বহু বছর ধরে আর্থিক সংকটে রয়েছে। ইরাকের কেন্দ্রীয় বাজেটের প্রায় ১৫ শতাংশ পাওয়ার কথা এ অঞ্চলের। ইরাকের কেন্দ্রীয় বাজেটের ৯০ শতাংশের বেশি অর্থ আসে তেল রাজস্ব থেকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চললেও চলতি মাসে ২০১৯ সালের পর যেকোনো সময়ের তুলনায় বেশি তেল রপ্তানি করেছে ইরাক। কিন্তু কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রাপ্য অর্থ পরিশোধে বিলম্ব হচ্ছে।

সরকারি কর্মচারীরা কয়েক মাস দেরিতে বেতন পাচ্ছেন। এর সঙ্গে ইরান যুদ্ধের কারণে বাড়তি ব্যয় যুক্ত হয়ে পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।

ইরানের সঙ্গে ইরাক ও কুর্দিস্তান অঞ্চলের গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে পূর্ব প্রতিবেশী ইরানের সঙ্গে সুলাইমানিয়ার সম্পর্ক বিশেষভাবে ঘনিষ্ঠ। ১৭৮৪ সালে বাবান আমিরাতের অধীনে শহরটির প্রতিষ্ঠা হয়। ওই আমিরাতের নিয়ন্ত্রণে বর্তমান ইরাক ও ইরানের কিছু অংশ ছিল। শহরটির প্রতিষ্ঠায় ভূমিকা রাখা অনেক কুর্দি পরিবারের শিকড়ও সীমান্তের ওপারে।

ডলাওয়ার আলাউদ্দিন বলেন, ‘সুলাইমানিয়া আগে থেকেই খুব সংকীর্ণ অর্থনৈতিক ব্যবধানের ওপর টিকে ছিল।’ তাঁর মতে, স্থানীয় অর্থনীতি মূলত সীমান্ত বাণিজ্য, ব্যবসা, দৈনিক শ্রম এবং ইরান থেকে আসা পণ্যের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, ‘যুদ্ধ এই দুর্বলতা তৈরি করেনি, বরং তা প্রকাশ করে দিয়েছে। হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর এবং যুক্তরাষ্ট্র ইরাককে ইরানের সঙ্গে মাত্র দুটি সীমান্ত ছাড়া বাকি সব সীমান্তপথ বন্ধ করার চাপ দেওয়ার পর সুলাইমানিয়ার মানুষ পণ্যের দাম ও সরবরাহে এর প্রভাব অনুভব করেছে। ইরানকে বিচ্ছিন্ন করে দিলে সুলাইমানিয়ার সামনে খুব বেশি বিকল্প থাকবে না।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে যোগ দেওয়ার চাপ ছিল কুর্দিদের ওপর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব আরও স্পষ্ট হয়, যখন চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে যোগ দেওয়ার জন্য এ অঞ্চলের ওপর চাপ তৈরি হয়েছিল।

সিরিয়া, ইরাক, তুরস্ক ও ইরানজুড়ে আনুমানিক চার কোটি কুর্দি বসবাস করেন। ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে সাজানোর সময় কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র গড়ে ওঠেনি। তবে ইরাকে মার্কিন আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সমর্থনে একবিংশ শতাব্দীতে ইরাকি কুর্দিস্তান ব্যাপক স্বায়ত্তশাসন লাভ করে।

দুই দশকেরও বেশি সময় ধরে পেশমার্গা যোদ্ধারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়েও তাঁরা মার্কিন বাহিনীকে সহায়তা করেন।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারে ইরানি-কুর্দি বিরোধী কয়েকটি গোষ্ঠীও আশ্রয় পেয়েছে, যাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন করে। ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল যখন ইরানে হামলার সিদ্ধান্ত নেয়, তখন তারা ইরানের কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা এবং সীমান্তের ওপারে লড়াইয়ে অংশ নিতে ইরাকি কুর্দিদের দিকে তাকিয়েছিল। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

‘অসম্ভব এক অবস্থানে’ কুর্দিস্তান

কুর্দিস্তান আঞ্চলিক সরকার মূলত দুটি প্রভাবশালী পরিবারের নিয়ন্ত্রণে। ইরবিলভিত্তিক বারজানি পরিবার কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি (কেডিপি) পরিচালনা করে। অন্যদিকে সুলাইমানিয়াভিত্তিক তালাবানি পরিবার নেতৃত্ব দেয় প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের (পিইউকে)।

১৯৯০-এর দশকে ইরাকি কুর্দিদের মধ্যে গৃহযুদ্ধ হয়েছিল। সে সময় পিইউকে ইরানের সমর্থন পায় এবং কেডিপি সমর্থন পায় তুরস্কের কাছ থেকে। ভৌগোলিক অবস্থান ও অর্থনীতির কারণে সুলাইমানিয়াকে এখনো ইরানের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।

চলতি মাসের শুরুতে সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে পিইউকে নেতা বাফেল তালাবানিকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তিনি ইরানের ‘পকেটে’ রয়েছেন কি না। জবাবে তিনি এ ধারণা প্রত্যাখ্যান করেন।

বাস্তবে পিইউকে ও কেডিপি—দল দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে।

মার্কিন কর্মকর্তাদের মধ্যে বাফেল তালাবানি সাবেক মার্কিন জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর জন্য পরিচিত। তাঁর ভাই কুবাদ তালাবানি ইরাকি কুর্দিস্তানের উপপ্রধানমন্ত্রী। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক এক কর্মকর্তাকে বিয়ে করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, ট্রাম্প প্রশাসনের কিছু সদস্যের কাছে পিইউকে ইরানের কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তার পরিকল্পনার প্রতি তুলনামূলক বেশি আগ্রহী বলে বিবেচিত হয়েছিল। কারণ, দলটি ওয়াশিংটনে আরও বেশি মনোযোগ ও সমর্থন আদায়ের চেষ্টা করছিল। কুর্দিস্তান অঞ্চলে পিইউকের নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে ইরানের সীমান্তও তুলনামূলক দীর্ঘ।

কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্সি কেডিপির নিয়ন্ত্রণে থাকায় ওয়াশিংটনে দলটির বেশি প্রভাব রয়েছে—এ নিয়ে অসন্তুষ্টি থেকেও পিইউকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছিল।

দুই দলের মধ্যকার উত্তেজনা বড় ধরনের রাজনৈতিক বিভাজনে রূপ নিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এতে কুর্দিস্তান আঞ্চলিক সরকার ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। গত নভেম্বরে তালাবানি আঞ্চলিক পার্লামেন্ট থেকে পিইউকের সদস্যদের প্রত্যাহার করেন। সুলাইমানিয়ার এক ফোরামে তিনি বলেন, কুর্দিস্তান অঞ্চলে ইতিমধ্যে ‘দুটি সরকার ও দুটি প্রশাসনের বাস্তবতা’ তৈরি হয়েছে।

শেষ পর্যন্ত পিইউকে কিংবা কেডিপি—কোনো দলই যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রচেষ্টায় যোগ দেয়নি। কুর্দিদের অনেকেই এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

মিডল ইস্ট রিসার্চ ইনস্টিটিউটের ডলাওয়ার আলাউদ্দিন বলেন, ‘এই যুদ্ধে জড়িয়ে না পড়ার সিদ্ধান্ত নিয়ে কুর্দিস্তান সঠিক কাজ করেছে। তেহরানে সরকারের পতন হলে তা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ঘটবে না। বরং কুর্দিস্তানের দীর্ঘতম সীমান্তজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে—শরণার্থী, সশস্ত্র গোষ্ঠী, ক্ষমতার শূন্যতা এবং ইরানি কুর্দিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত দেখা দেবে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা

কুর্দিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হচ্ছে। কেডিপির বিরুদ্ধে রাজনৈতিক সুবিধা নিতে বাফেল তালাবানি বাগদাদের ক্ষমতাসীন শিয়া কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্কের সদস্যদের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন। এই জোট তেহরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

সামরিকভাবেও কুর্দিস্তান অঞ্চল বেশ অরক্ষিত। তাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেই। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সেনারা ইরবিল ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়। এর আগে যুদ্ধ চলাকালে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছিল এ অঞ্চল।

আঙ্কারাভিত্তিক সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ওরাল তোগা মিডল ইস্ট আইকে বলেন, ‘বাফেল তালাবানি উচ্চাকাঙ্ক্ষী একজন নেতা। তিনি সবার সঙ্গে কথা বলেন, বাস্তববাদীও। কিন্তু তিনি অত্যন্ত কঠিন অবস্থানে রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন চাইছেন, অথচ ইরান সুলাইমানিয়াকে নিজের প্রভাববলয়ের অংশ মনে করে। এটি সত্যিই অসম্ভব এক অবস্থান।’

‘কৌশলগতভাবে এগিয়ে ইরান’

চলতি মাসের শুরুতে সুলাইমানিয়ায় আয়োজিত এক কৌশলগত ফোরামে পিইউকের কর্মকর্তারা ইরানের সঙ্গে সংলাপ ও অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করেন।

বাফেল তালাবানি নিজেও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর ইরান ‘আরও শক্তিশালী, তবে আগের চেয়ে ভিন্ন’ অবস্থানে উঠে এসেছে। দেশটিকে ‘উন্মাদ মোল্লাদের’ দ্বারা পরিচালিত বলে যারা বর্ণনা করেন, তাদের সমালোচনাও করেন তিনি।

সম্প্রতি ইরান সফরের অভিজ্ঞতা তুলে ধরে ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তার মূল্যায়নের বিপরীত চিত্র তুলে ধরেন তালাবানি। ওই কর্মকর্তারা ইরানকে অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে বলে বর্ণনা করেছিলেন।

তালাবানি বলেন, ‘আমার মনে হয়েছিল আমি লন্ডনে আছি।’ তিনি জানান, ইরানে ৫০ শতাংশেরও কম নারী ও তরুণীর মাথায় স্কার্ফ ছিল এবং রেস্তোরাঁগুলো তরুণ-তরুণীদের নাচে মুখর ছিল।

এদিকে ইরানের কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকি কুর্দিস্তানের ওপর চাপ দিচ্ছে তেহরান। গত সেপ্টেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বাফেল তালাবানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে ক্ষতিকর বা হুমকিমূলক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হতে দেওয়া হবে না।

সুলাইমানিয়ার ফোরামে তালাবানি বলেন, ‘আমি ট্রাম্পের মিত্র এবং অদ্ভুতভাবে ইরানিদেরও মিত্র। আমি বলছি, শক্তিশালী যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলতে পারে।’

স্বাধীন মধ্যপ্রাচ্য বিশ্লেষক সারহাং হামাসিদ বলেন, ‘বর্তমানে এ অঞ্চলের ধারণা, কৌশলগতভাবে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। শুধু ইরাকি কুর্দিস্তান নয়, উপসাগরীয় দেশগুলোও একই অবস্থানে রয়েছে। তারা সবাই ইরানের ক্ষোভ এড়িয়ে চলতে চায়।’

তিনি আরও বলেন, ‘তবে এই সংঘাতে ইরান দেখিয়েছে, তারা এসব সম্পর্ককে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। ইরাক ছিল ইরানের অর্থনীতির ফুসফুসের মতো। কিন্তু হরমুজ প্রণালি দিয়ে ইরানের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সময় ইরাকের স্বার্থও রক্ষা করা হয়নি।’

ইরানের সঙ্গে স্থলসীমান্ত থাকায় যুদ্ধ আবার শুরু হলে সুলাইমানিয়া আরও বেশি প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে পড়বে।

হামাসিদ বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের অনেক আগে থেকেই ইরাকের কুর্দিরা ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তারা তা জানে এবং আবারও ইরানি হামলার শিকার হতে চায় না।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তাদের ইরানকে বেশি সন্তুষ্ট রাখতে হবে। কারণ ট্রাম্প তাদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবেন না, কিন্তু ইরান চালাতে পারে।’

যুক্তরাষ্ট্র সরাসরি ইরাকি কুর্দিস্তানে ইরানের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না। তবে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি এ অঞ্চলকে বিপদের মুখে ফেলতে পারে।

সুলাইমানিয়ার অনেকের ধারণা, ইরানের সরকার পতন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে না। চলতি মাসে একটি রেডিও অনুষ্ঠানে ট্রাম্প নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রেসিডেন্ট মেয়াদ শেষে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ক্ষমতায় থাকলে সেটিকে নিজের পরাজয় হিসেবে দেখবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই।’

সুলাইমানিয়ার এক কুর্দি কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, ‘সুলাইমানিয়া ও ইরাকি কুর্দিস্তানের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে সীমান্তের ওপারে একটি ব্যর্থ রাষ্ট্রের সৃষ্টি হওয়া। আমাদের স্থিতিশীলতা প্রয়োজন।’