মার্কিন নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে তেলবাহী ট্যাংকারের বহর পাঠানোর আহ্বান জানিয়েছেন ইরানের কট্টরপন্থীরা। ওয়াশিংটন এসব জাহাজ আটকে দেওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামোয় সামরিক হামলার হুমকিও দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (১৯ নভেস্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ প্রস্তাব প্রকাশ করে। এতে ট্যাংকারগুলোকে চীনের উদ্দেশে যাত্রা করার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র বাধা দিলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের তেল স্থাপনায় হামলার হুমকিও দেওয়া হয়েছে।
ইরানের খারগ দ্বীপের তেল টার্মিনালে নিষেধাজ্ঞার বাইরে থাকা একটি ট্যাংকারে তেল বোঝাইয়ের খবর প্রকাশের পরপরই এ প্রস্তাব সামনে আসে।
ফার্স এ পরিকল্পনার নাম দিয়েছে ‘অপারেশন ফেরেইদুন’। পারস্যের মহাকাব্য শাহনামেহ–এর কিংবদন্তিতুল্য বীর ফেরেইদুনের নাম অনুসারে এ নাম রাখা হয়েছে।
তবে এখন পর্যন্ত ট্যাংকারের বহর পাঠানোর কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করেনি ইরান। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার বলেছেন, ইরান অবরোধ ভেঙে দেবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার রাতের এক আলোচনায় রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক নিমা আকবরখানি বলেন, ‘অবরোধ একটি সামরিক পদক্ষেপ। আর সামরিক পদক্ষেপের জবাবও সামরিকভাবেই দেওয়া হয়।’
তিনি আগে আলোচিত একটি সম্ভাব্য কৌশলের বর্ণনা দেন। এতে বলা হয়, ইরানের ট্যাংকারগুলো আলাদাভাবে যাত্রা করবে। জাহাজগুলোর স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) চালু থাকবে এবং সেগুলোতে ইরানের পতাকা উড়বে। পাশাপাশি কোনো জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যের কোন কোন স্থাপনায় পাল্টা আঘাত করা হবে, তা আগেই ঘোষণা করবে তেহরান।
‘বে ভাক্তে-ই ইরান’ অনুষ্ঠানে উপস্থাপক রুহুল্লাহ রাজাভি প্রস্তাব দেন, ট্যাংকারগুলোতে গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক যুদ্ধবিরোধী আন্দোলনের কর্মীদের রাখা যেতে পারে। এতে যুক্তরাষ্ট্র কোনো জাহাজে হস্তক্ষেপ করলে তার রাজনৈতিক ও গণমাধ্যমগত মূল্য অনেক বেড়ে যাবে।
আকবরখানি এ ধারণার প্রতি সমর্থন জানান। তাঁর যুক্তি, গাজায় যাওয়ার উদ্দেশ্যে পাঠানো জাহাজগুলো ব্যাপক প্রচার-প্রচারণা সত্ত্বেও ইসরায়েল গন্তব্যে পৌঁছাতে দেয়নি। তবে সামরিক পাল্টা হামলার হুমকি থাকলে অবরোধ ভাঙতে যাওয়া ইরানি ট্যাংকারে হামলা চালানো থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখা সম্ভব হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা নাজাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেশ কিছুদিন আগেই ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। ইরানের গণমাধ্যমে তাঁকে সম্প্রতি জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে।
নাজাফির বক্তব্য অনুযায়ী, এ উদ্যোগ কেবল কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ নয়; সামরিক বিকল্পও বিবেচনায় রয়েছে।
তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে, তেহরান আর অবরোধ ও হুমকি নীরবে সহ্য করতে চায় না।’
ইরান-চীন চেম্বার অব কমার্সের সভাপতি মাজিদ-রেজা হারিরিও অবরোধ ভাঙার উদ্যোগে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব ইরানির সমর্থন চেয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) তিনি লেখেন, ‘বিভিন্ন উপায়ে কয়েক মাস ধরে আলোচনার চেষ্টা চালানোর পর এখন প্রত্যেক দেশপ্রেমিক ইরানির উচিত, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যা-ই হোক না কেন, আগ্রাসী যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ যেকোনো উপায়ে ভাঙতে সরকারকে সমর্থন করা।’
গণমাধ্যম বিশ্লেষক আলিরেজা শিভার মতে, পারস্য উপসাগরে জ্বালানি নিরাপত্তার বিষয়টি একতরফাভাবে নির্ধারণ করা যাবে না—এমন বার্তা দিচ্ছে ইরান।
এক্সে তিনি লিখেছেন, ‘আপনি ইরানের তেল রপ্তানিকে লক্ষ্যবস্তু করবেন, অথচ অন্য দেশগুলোর জ্বালানি রপ্তানি সম্পূর্ণ নিরাপদে চলবে এমনটা আশা করতে পারেন না।’
ঝুঁকিপূর্ণ কৌশল
কট্টরপন্থী সাংবাদিক পারিসা নাসর মনে করেন, অবরোধকে যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে বিবেচনা না করে আলোচনার বিষয় হিসেবে দেখাটা ইরানের কৌশলগত ভুল হয়েছে। তাঁর মতে, অবরোধের উদ্দেশ্য দেশটিকে দুর্বল করা এবং আত্মসমর্পণে বাধ্য করা।
তিনি ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে সংকটকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার কৌশলের পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে ইরানের ট্যাংকারে হামলার বিরুদ্ধে দেশটির প্রতিরোধক্ষমতা জোরদার করার কথাও বলেছেন।
তবে জ্বালানি বিশ্লেষক আবদুল্লাহ বাবাখানি তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছেন। তাঁর ধারণা, মার্কিন বাহিনী প্রথমে কয়েকটি ইরানি ট্যাংকারকে চলাচলের সুযোগ দিতে পারে। পরে আন্তর্জাতিক জলসীমায় সেগুলোর পিছু নিয়ে আটক করার চেষ্টা করতে পারে।
গত বছর ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট ট্যাংকার অনুসরণ ও আটকের ঘটনাগুলোর সঙ্গে তিনি সম্ভাব্য পরিস্থিতির তুলনা করেছেন। তবে এমন ঘটনা ঘটলে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা অনুমান করা কঠিন বলে মনে করেন তিনি।
অবরোধের আগে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা ছিল চীন। প্রস্তাবিত ট্যাংকার বহরের গন্তব্যও চীন। তবে বেইজিং এসব চালান গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ফলে তেহরানের সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রশ্ন দেখা দিয়েছে—অবরোধের অবসানে আলোচনার পথেই থাকবে, নাকি তা কার্যকর করতে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিয়ে অবরোধ ভাঙার চেষ্টা করবে। দ্বিতীয় পথ বেছে নিলে বৃহত্তর সামরিক সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি ও ইরানের গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য