মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় বাণিজ্যপথ পরিবর্তনের মাধ্যমে বিদেশি বাণিজ্যে পতনের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়েছে ইরান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলোতে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারিও দূর করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক বিষয় ও অর্থমন্ত্রী।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সাইয়েদ আলী মাদানিজাদেহ বলেন, নিরাপত্তাজনিত কারণে একটি সীমান্ত ক্রসিং বন্ধ থাকলেও বর্তমানে দেশের বাকি সব বাণিজ্যিক সীমান্ত চালু রয়েছে এবং সেগুলোর মাধ্যমে বাণিজ্য কার্যক্রম চলছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের আমদানি-রপ্তানির বড় একটি অংশ উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগরকেন্দ্রিক বাণিজ্যপথে স্থানান্তর করতে হয়েছে।
মাদানিজাদেহ বলেন, ‘সীমান্তে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরির বড় একটি কারণ ছিল বাণিজ্যপথের এই পরিবর্তন। পাশাপাশি, এত বিপুল পরিমাণ পণ্য পরিবহনের চাপ সামলানোর মতো প্রস্তুতি সীমান্ত অবকাঠামোর ছিল না।’
তবে গত দুই থেকে তিন মাসে বিভিন্ন বিধিবিধান ও অবকাঠামোগত সংস্কারের ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানান তিনি।
দেশটির পূর্বাঞ্চলের দোগারুন সীমান্ত ক্রসিংয়ে এখন ট্রাকের কোনো অপেক্ষমাণ সারি নেই। প্রতিদিন প্রায় ১ হাজার ৪০০টি রপ্তানিবাহী ট্রাক এই স্থলবন্দর দিয়ে চলাচল করছে।
সীমান্ত এলাকাকে পণ্য মজুতের কেন্দ্রে পরিণত হওয়া থেকে রক্ষা করতে সরকার ‘ডাইরেক্ট ট্রানজিট’ প্রকল্প চালু করেছে। এর আওতায় সীমান্ত টার্মিনালে ন্যূনতম আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য দ্রুত পারাপারের ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, শুল্কসংক্রান্ত বিস্তারিত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে দেশের অভ্যন্তরীণ স্থাপনাগুলোতে।
মাদানিজাদেহ বলেন, প্রয়োজনীয় অনুমতিপত্র থাকা জরুরি পণ্য এই ব্যবস্থায় মাত্র এক ঘণ্টার মধ্যে শুল্ক ছাড়পত্র পাচ্ছে।
তিনি আরও জানান, ‘রেড রুট’-এর আওতাভুক্ত পণ্য—যেগুলোর ক্ষেত্রে সরেজমিনে পরীক্ষা ও বিস্তারিত নথিপত্র যাচাই প্রয়োজন—সেগুলোর গড় শুল্ক ছাড়ের সময় কমে ৭৩ ঘণ্টায় দাঁড়িয়েছে। এর মাধ্যমে তিন দিনের কম সময়ে শুল্ক প্রক্রিয়া সম্পন্ন করার সরকারি প্রতিশ্রুতি পূরণ হয়েছে।